চেন্নাই–ডানকুনির মধ্যে স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা পূর্ব রেলের, জানুন সময়সূচি

Published:

Chennai–Dankuni Special Train

সৌভিক মুখার্জী, কলকাতা: গরমের দাপটে নাভিশ্বাস উঠছে বঙ্গবাসীর। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, সব জায়গাতেই কাটাফাটা গরম। আর যেহেতু ভোটমুখী বাংলা, অর্থাৎ আগামী ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায়  নির্বাচন, এই কথা মাথায় রেখে এবার চেন্নাই ও ডানকুনির মধ্যে স্পেশাল ট্রেন (Chennai–Dankuni Special Train) চালানোর ঘোষণা করল পূর্ব রেল (Eastern Railway Zone)। ইতিমধ্যে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রেলের তরফ থেকে। সেখানে ট্রেনের সময়সূচি থেকে শুরু করে দিনক্ষণ, স্টপেজ সবকিছু আলোচনা করা হয়েছে।

চেন্নাই ও ডানকুনির মধ্যে স্পেশাল ট্রেন

পূর্ব রেলের তরফ থেকে গ্রীষ্মকালের মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার জন্যই এই স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। ট্রেন নম্বর ০৬০৩৭ এবং ০৬০৩৮ এমজিআর চেন্নাই সেন্ট্রাল–ডানকুনি–এমজিআর চেন্নাই সেন্ট্রাল ট্রেনটি আগামী ২৫ এবং ২৭ তারিখ চলাচল করবে বলে জানানো হয়েছে। ০৬০৩৭ চেন্নাই সেন্ট্রাল–ডানকুনি ট্রেনটি চেন্নাই থেকে ছাড়বে ২৫ এপ্রিল শনিবার সকাল ১০:৩০ মিনিটে এবং সেটি ডানকুনি পৌঁছবে রাত ১০:২০ তে। মাঝপথে বিজয়ওড়াতে পৌঁছবে শনিবার সন্ধ্যা ৭:০০ টায়, ভুবনেশ্বর পৌঁছবে রবিবার সকাল ৯:৫০ মিনিটে এবং খড়গপুর পৌঁছবে রবিবার বিকাল ৪:৩০ মিনিটে।

অন্যদিকে ফিরতি পথে অর্থাৎ ডানকুনি থেকে যে ট্রেনটি ছাড়বে তার নম্বর ০৬০৩৮। এটি আগামী ২৭ তারিখ সোমবার ডানকুনি থেকে ছাড়বে এবং ২৮ তারিখ মঙ্গলবার চেন্নাই গিয়ে পৌঁছবে। যেমনটা জানানো হয়েছে—ডানকুনি থেকে ট্রেনটি ছাড়বে সোমবার সকাল ৫:১৫ মিনিটে । এরপর খড়গপুর পৌঁছবে সোমবার সকাল ৮:২৫ এ, ভুবনেশ্বর বেলা ৩:২৫ মিনিটে, বিজয়ওড়াতে পৌঁছবে মঙ্গলবার ভোর ৫:৫০ মিনিটে। তারপর গন্তব্যস্থল এমজিআর চেন্নাই সেন্ট্রালে পৌঁছবে বিকাল ৩:০০ তে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহ, এগিয়ে আসবে গরমের ছুটি? জানুন

শুধু তাই নয়, যাত্রাপথে আরও বেশ কিছু স্টেশনে ট্রেনটি থামবে। নোটিশ অনুযায়ী, এই স্পেশাল ট্রেনগুলি যাত্রাপথের উভয় অভিমুখে গুডুর, নেল্লোর, ওঙ্গোলে, রাজামুন্দ্রী, সামালকোট, দুভাদা, বিজয়নগরম, পালাসা, খুর্দা রোড, কটক, ভদ্রক, বালেশ্বর এবং আন্দুল স্টেশনে থামবে। এদিকে ট্রেনটি মেইল/এক্সপ্রেস ক্যাটাগরিতে চলবে বলে জানানো হয়েছে। আর এটিতে মোট ২২টি কোচ থাকবে। যার মধ্যে স্লিপার কোচ থাকবে ৮টি, সাধারণ দ্বিতীয় শ্রেণীর কোচ থাকবে ১১টি, এসএলআরডি কোচ থাকবে ২টি এবং প্যান্ট্রি কার থাকবে ১টি। এই স্পেশাল ট্রেনটি গরম এবং ভোটের মুখে যাত্রীদের বিরাট সুবিধা দেবে বলেই অনুমান।