সৌভিক মুখার্জী, কলকাতা: ৩১ আগস্টের মধ্যে এসএসসি-কে নিয়োগ (SSC Exam) প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে ফের সময়সীমা বাড়ানোর আবেদন স্কুল সার্ভিস কমিশনের। এবার আরও ৮ মাস সময় বাড়িয়ে ৩১ মে ২০২৭ পর্যন্ত করার আর্জি জানানো হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। কারণ ৩৬ হাজার নিয়োগের পরীক্ষায় এখনও পর্যন্ত জমা রয়েছে পাহাড় সমান অভিযোগ। এর পাশাপাশি ওএমআর উত্তরপত্র ঘিরে মোট ১.৩ লক্ষ অভিযোগ কমিশনের কাছে জমা পড়েছে বলেই খবর।
নিয়োগের জন্য আরও ৮ মাস সময় চাইল এসএসসি
তৃণমূলের আমলে এসএসসি নিয়ে দুর্নীতির জেরে বাতিল হয়েছিল গোটা প্যানেল। অন্যদিকে ২০১৬ সালের নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে স্কুল সার্ভিস কমিশনকে, এমনটাই নির্দেশ দিয়েছিল আদালত। তবে কমিশনের দাবি, একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে। চূড়ান্ত প্যানেল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। পাশাপাশি ৩৩টি বিষয়ের মধ্যে ২১টির বেশি কাউন্সেলিং হয়েছে। আর ৩৫৮৬ জনকে সুপারিশও করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত নবম-দশম শ্রেণির ক্ষেত্রে বাকি রয়েছে বড় অংশের কাজ।
অন্যদিকে বিষয়ভিত্তিক পরীক্ষার্থীদের মোট ১.৩ লক্ষ অভিযোগ জমা পড়েছে বলেই খবর। তাদের দাবি, ওএমআর-র উত্তরপত্রে ত্রুটি রয়েছে। এমনকি পরীক্ষায় ১৬ থেকে ১৭ নম্বর শুধুমাত্র ওএমআর অ্যাটেম্প করেই এসেছে বলে অভিযোগ। তাই ওএমআর শিট এবং উত্তরপত্র তৃতীয়বার যাচাই করার দাবি জানানোয় আরও ৮ মাস সময় চায় এসএসসি। এর পাশাপাশি আবার বিধানসভা ভোটের পর ৫ জন রিজিওনাল চেয়ারম্যান পদত্যাগ করেছেন। এছাড়া নতুন সরকার ওবিসি-দের সংরক্ষণের নিয়মেও এনেছে বদল। তাই নিয়োগের ক্ষেত্রে বিলম্ব।
আরও পড়ুন: “এরা এতটাও সাধু নয় যে…” অভিজিৎদের বিরুদ্ধে বিস্ফোরক সোনম ওয়াংচুক
এছাড়া পৃথক একটি আবেদনে ৩১ মে পর্যন্ত সময় চেয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তাদের দাবি, নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি এবং বিশেষ শিক্ষকদের মিলিয়ে মোট ৪৬,৭১৪টি শূন্যপদে নিয়োগের একাধিক ধাপ এখনও বাকি। অন্যদিকে আবার মাধ্যমিক পরীক্ষার প্রশাসনিক দায়িত্ব রয়েছে পর্ষদের উপর। এই সবদিক থেকে চাপ পড়ায় নিয়োগ প্রক্রিয়া শেষ করতে আরও ৮ মাস সময় চাওয়া হয়েছে।










