সৌভিক মুখার্জী, কলকাতা: তৃণমূলের হাত থেকে রাজ্যের ক্ষমতা বিজেপির হাতে যাওয়ার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক মামলা। তবে তাঁর সূত্র ধরে রক্ষা পাননি আপ্তসহায়ক সুমিত রায়ও (Sumit Roy)। জমি দুর্নীতি থেকে শুরু করে চাকরি চুরির মতো অভিযোগ রয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে। প্রথমে গা ঢাকা দিয়ে থাকলেও পরে সিআইডি দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। তবে এবার জমি দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য।
তদন্তে অসহযোগিতা করছেন সুমিত রায়
নির্বাচনে ভরাডুবির পর শালবনিতে জমি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল সুমিত রায়ের। তবে সেই মামলায় আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। এমনকি আদালত জানতে চায় যে সুমিতকে বড় অংকের নগদ টাকা জমা দেওয়ার বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিনা। তবে রাজ্যের সলিসিটর জেনারেল তুষার মেহতা স্পষ্ট জানিয়েছেন, ওই মামলায় সুমিত রায়কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি অনেক প্রশ্নের ক্ষেত্রে সরাসরি উত্তর দেননি। এমনকি তদন্তকারীদের এড়িয়ে যান তিনি।
পাশাপাশি তুষার মেহতা আরও জানান, সুমিতকে জিজ্ঞাসাবাদের লিখিত রেকর্ড রয়েছে। সেটি মুখবন্ধ খামে আদালতে জমা দেওয়া হবে। আগামী বুধবার এই মামলার শুনানি। তবে বিচারপতি সূর্যকান্ত, জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, আগামীকাল বা বুধবারের মধ্যেই লিখিত রেকর্ড বাধ্যতামূলকভাবে আদালতে জমা দিতে হবে।
আরও পড়ুন: বিধবা ভাতা, অন্নপূর্ণা যোজনা মিলবে একসাথে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
তবে আপাতত নিয়োগ দুর্নীতি ও শালবনির জমি দখল মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের রক্ষাকবচ বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত। ফলে এখনই তাঁকে গ্রেফতার করা যাবে না। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, চাকরির দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট তাঁকে সাময়িক স্বস্তি দিয়েছিল। তদন্তে সহযোগিতার শর্তেই ওই মামলায় রক্ষাকবচ পেয়েছিলেন সুমিত। তবে আগস্ট মাসে জমি দূর্নীতি মামলায় সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেকের আপ্তসহায়ক। তবে তিনি তদন্তে সহযোগিতা করছেন না বলেই দাবি রাজ্যের।










