সৌভিক মুখার্জী, কলকাতা: দুর্গাপুজোয় রেশনে ময়দার পাশাপাশি সুজি এবং চিনি দেওয়ার ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এমনকি বর্তমানে আটার বদলে দেওয়া হচ্ছে গম। উন্নত মানের খাদ্য সামগ্রী দেওয়াই নতুন সরকারের প্রধান লক্ষ্য। সেই সূত্রে এবার প্রতি সপ্তাহে পুষ্টিকর খাবার পাওয়া যাবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানা যাচ্ছে, এবার থেকে রেশনে চাল, গমের পাশাপাশি মিলবে ডাল, তেল এবং সোয়াবিন। কিন্তু কারা পাবেন এই সুবিধা?
এবার রেশনে মিলবে চাল, ডাল, তেল, সোয়াবিন
শুক্রবার ঝাড়গ্রামের উপজাতি জনগোষ্ঠীর লোধা-শবরদের মাঝে জনসভা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর ঝাড়গ্রামে প্রথম জনসভা তাঁর। আর সেখানে দাঁড়িয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন শুভেন্দু। তাঁর কথায়, চলতি বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রামের জঙ্গলমহলের বাসিন্দারা বিজেপিকে ঢেলে ভোট দিয়েছেন। তাই তাঁদের জন্য বাড়তি উপহার। এবার থেকে উপজাতি জনগোষ্ঠী লোধা এবং শবররা রেশনে চাল, গমের পাশাপাশি পাবেন ডাল, তেল এবং সোয়াবিন।
শুক্রবারের জনসভা থেকে উপজাতি জনগোষ্ঠীদের জন্য বিশেষ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী অধিকারী। এখন থেকে লোধা ও শবরদের জন্য রেশনে দেওয়া হবে বিশেষ পুষ্টিকর খাবার। মুখ্যমন্ত্রীর কথায়, “প্রতি সপ্তাহে বাড়তি পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া হবে, যাতে থাকবে চাল, ডাল, তেল এবং সোয়াবিন। কেউ সরকারি প্রকল্প থেকে আর বঞ্চিত হবেন না। লোধা-শবরদের অধিকার থেকে আর কেউ বঞ্চিত করবে না।”
আরও পড়ুন: হস্তক্ষেপ করেনি হাইকোর্ট, ঋতব্রতদের বিধায়ক পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে শোভনদেব
এর পাশাপাশি পানীয় জল এবং অন্যান্য প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ঝাড়গ্রামের বহু এলাকার অবস্থা খুবই খারাপ। উন্নয়ন হয়নি বললেই চলে। আগের মুখ্যমন্ত্রী জঙ্গলমহলের জন্য মাত্র ৬ কোটি টাকার কাজ করেছিলেন। আমি মাত্র ছয় মাসে ৬০ লক্ষ টাকার কাজ করে ফেলেছি পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের মাধ্যমে। ঝাড়গ্রামে আমূল পরিবর্তন হবে। আগামী ছয় মাসের মধ্যেই তা হবে। আমি জেলা শাসককে নির্দেশ দিচ্ছি, ঝাড়গ্রামে সবার বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে। পাকা বাড়ি হবে। আগের সরকারের আমলে বাংলার বাড়ি প্রকল্প থাকলেও কেউ বাড়ি পেতেন না। নিজেদের পকেটে টাকা ঢোকাত তৃণমূলের নেতারা। সেটা চলবে না।”










