আনিষা চৌধুরী, কলকাতা: মূলত আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে আর্থিক সহায়তা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু করা হয় স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (Swami Vivekananda Scholarship)। যোগ্য পড়ুয়ারা তাঁদের নির্দিষ্ট শিক্ষাস্তর ও কোর্স অনুযায়ী স্কলারশিপের অর্থ পান। ফলে পরিবারের ওপর আর্থিক চাপ কিছুটা কমে এবং ছাত্র-ছাত্রীরাও নিজেদের পড়াশুনা কোনওরকম চিন্তা ছাড়াই চালিয়ে যেতে পারেন। এইবার এই স্কলারশিপের আবেদনকারীদের জন্য এল গুরুত্বপূর্ণ আপডেট।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনিউয়াল
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গত শিক্ষাবর্ষের পড়ুয়াদের স্কলারশিপের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কয়েক মাস ধরে করা আবেদন অনুমোদন পাওয়ার পরেও টাকা না পাওয়ায় চিন্তায় ছিলেন বহু ছাত্র-ছাত্রী। তবে এবার এই চিন্তা অনেকটাই কমতে চলেছে। ইতিমধ্যেই একাধিক পড়ুয়ার অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা পৌঁছেছে বলে জানা যাচ্ছে। তাই যারা এখনও টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছে, তাদের প্রথমেই নিজেদের স্কলারশিপ আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখে নিতে হবে।
কোন স্ট্যাটাসের কী অর্থ?
দীর্ঘদিন ধরে অনেক পড়ুয়ার আবেদনে ‘Application Approved (Scholarship Amount not Disbursed Yet)’ লেখা দেখা যাচ্ছিল। এর অর্থ, আবেদনটি অনুমোদিত হলেও তখনও টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়নি। এবার কিছু ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে সেই স্ট্যাটাস বদলে হয়েছে ‘Application Sanctioned (Scholarship Amount Disbursed)’। এই নতুন স্ট্যাটাস দেখা গেলে ধরে নিতে হবে, স্কলারশিপের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাড়াতাড়িই সেই টাকা ব্যাংক একাউন্টে ঢুকে যাবে। স্ট্যাটাসে স্পষ্ট জানানো হয়েছে, টাকা ঢুকতে কয়েক দিন সময় লাগতে পারে। যদি কোনও আবেদনে এখনও ‘Application Approved (Scholarship Amount not Disbursed yet)’ দেখায়, তাহলে বুঝতে হবে আবেদনটি অনুমোদিত হয়েছে, কিন্তু টাকা পাঠানো হয়নি। আবেদনটি এই পর্যায় থাকলে, সাধারণত ১০ থেকে ২০ দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে আসতে পারে।
আরও পড়ুন: একধাক্কায় তলানিতে! ডলারের বিপরীতে বিরাট পতন ভারতীয় রুপির, দেখুন রেট
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা মূলত সংশ্লিষ্ট জেলার ট্রেজারি অফিসের মাধ্যমে পড়ুয়াদের অ্যাকাউন্টে পাঠানো হয়। বর্তমানে কলকাতার দিকের কয়েকটি ট্রেজারি অফিস থেকে ইতিমধ্যেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি কিছু জেলাতেও ইতিমধ্যে অর্থপ্রদান শুরু হয়েছে এবং বাকি জেলাগুলিতেও ধাপে ধাপে প্রক্রিয়া এগোবে। তাই টাকা এখনও না পেয়ে থাকলে চিন্তা না করে আগে নিজের আবেদনটির স্ট্যাটাস যাচাই করে নিতে হবে। বিশেষ করে ‘Scholarship Amount Disbursed’ দেখালে আর বেশি দেরি হওয়ার কথা নয়।










