একধাক্কায় তলানিতে! ডলারের বিপরীতে বিরাট পতন ভারতীয় রুপির, দেখুন রেট

Published:

Indian rupee

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের ডলারের বিপরীতে মুখ থুবড়ে পড়ল ভারতীয় টাকা (Indian Rupee)। যেটুকুই বা ঘুরে দাঁড়িয়েছিল, ফের আগের জায়গায় পৌঁছে গেল ইন্ডিয়ান রুপি। আসলে পশ্চিম এশিয়ার যুদ্ধ আবারও মাথাচাড়া দিয়ে দাঁড়াতে তেলের দাম প্রায় ১০০ ডলার পর্যন্ত গিয়ে ঠেকেছে। যার কারণে এই মূল্য পতন। গতকালের তুলনায় আজ ৮০ পয়সা তলানিতে ঠেকেছে ভারতীয় টাকা। এখন নতুন রেট দাঁড়িয়েছে ৯৫.৮৩ টাকা প্রতি ডলার। ফলে বিনিয়োগকারীদের চিন্তা যে আরও বাড়ল তা বলার অপেক্ষা রাখে না।

ডলারের বিপরীতে মূল্যপতন ভারতীয় রুপির

গতকাল যেখানে বাজার বন্ধ হয়েছিল ডলার প্রতি ৯৫.০৩ টাকায়, সেখানে আজ বাজার খুলতেই একধাক্কায় ৮০ পয়সা দাম কবে নতুন রেট দাঁড়িয়েছে ৯৫.৮৩ টাকা। আসলে অপরিশোধিত তেলের দাম সম্প্রতি ব্যারেল প্রতি ১০০ ডলার অতিক্রম করায় মুদ্রাস্ফীতি এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বেরিয়ে যাওয়ার কারণে ডলারের বিপরীতে তলানিতে ঠেকছে ভারতীয় টাকা। যেহেতু ভারতকে সিংহভাগ তেল বিদেশ থেকে আমদানি করতে হয়, সেই কারণেই এই মূল্যপতন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে ফরেক্স ব্যবসায়ীরা জানিয়েছেন, শেয়ারবাজারের দুর্বল অবস্থা এবং বৈদেশিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুঁজি তুলে নেওয়ার প্রবণতার কারণেও রুপির উপর চাপ সৃষ্টি হচ্ছে। এমনকি পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা বৃদ্ধির জন্য বিশ্ব বাজারে তেলের দাম গত সাড়ে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এমনকি প্রায় ৬ সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে। গত বুধবার ক্রুড ওয়েলের দাম ২.৯৪% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছিল ১০০.৭৩ ডলারে।

আরও পড়ুন: যাদবপুর সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ হবে? হাইকোর্টে মামলা

এছাড়া ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মান পরিমাপকারী ডলার ইনডেক্সের মান অনেকটাই বৃদ্ধি পেয়েছে  পাশাপাশি ডলারের দাম বৃদ্ধি এবং রুপির দাম তলানিতে ঠেকায় শেয়ার বাজারের উপরেও পড়েছে প্রভাব । আজ সেনসেক্সের পাশাপাশি নিফটির অনেকটাই পতন হয়েছে। ফলে বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা যে নিমেষের মধ্যে উধাও হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, রিজার্ভ ব্যাংকের সক্রিয় হস্তক্ষেপের মাধ্যমে হয়ত রুবি আবারও আগের স্থানে ফিরতে পারে।