প্রীতি পোদ্দার, কলকাতা: লক্ষ্মীপুজোয় চটুল নাচের আসর শান্তিপুরে (Shantipur), পুলিশের বার্তা উপেক্ষা করেই অনুষ্ঠানের আয়োজন করায় গ্রেফতার করা হল ৪ আয়োজকদের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ায়। জানা গিয়েছে, বারোয়ারি লক্ষ্মীপুজোয় (Shantipur Lakshmi Puja) এই নাচের অনুষ্ঠানের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর তা নজরে আসতেই বড় পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন।
লক্ষ্মীপুজোয় চটুল নাচের আয়োজন
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাগানেপাড়া বারোয়ারি লক্ষ্মীপুজোয় একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। কিন্তু অভিযোগ, পুলিশের বার্তা উপেক্ষা করেই সেখানে চটুল নাচের আসর বসানো হয়েছিল। এদিকে অনুষ্ঠানের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিষয়টি নিয়ে শুরু হয় মহাবিতর্ক। শান্তিপুর থানার পুলিশের নজরেও আসে সেই ভাইরাল ভিডিও আর তারপরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এবং দর্শকদেরকেও আসন ছেড়ে দিতে বলা হয়।
চারজনকে আটক করেছিল পুলিশ
লক্ষ্মীপুজোর মতো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এমন চটুল নাচের আয়োজনের অভিযোগ সামনে আসায় এলাকায় চর্চা শুরু হয়েছে। পুলিশের বার্তা উপেক্ষা করে কীভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে পুজোর উদ্যোক্তাদের মধ্যে চারজনকে আটক করেছিল পুলিশ। কিন্তু পরে তাঁদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়েও দেওয়া হয়। বিজেপি সরকারের আমলে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এমন উৎসব আয়োজনের অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চরম শোরগোল শুরু হয়েছে।
আরও পড়ুন: মহিলাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে কুপ্রস্তাব ভগবানপুরের বিজেপি নেতার, ভাইরাল অডিও
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন পুজোর উদ্যোক্তা জানিয়েছেন, “দর্শকদের চাহিদা এবং ইচ্ছা পূরণ করার জন্য আমরা তিনটে গানের ব্যবস্থা করেছিলাম কিন্তু পুলিশের তরফে ফোন আসতেই আমরা অনুষ্ঠান সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই। পরের দিন সকালে থানায় আমাদের ডাকা হলে সেখানে চারজনকে গ্রেফতার করা হয় পরে আমরা অনুরোধ জানালে মুচলেকার মাধ্যমে আমাদেরকে মুক্তি দেয়। ভবিষ্যতে আমরা এরকম ধরনের অনুষ্ঠান আর আয়োজন করব না।”










