বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2024 সালে ছাত্র আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ (Bangladesh) ছেড়ে ভারতে পালিয়ে এসেছিলেন শেখ হাসিনা (Sheikh Hasina)। সরকারি গাড়ি থেকে নেমে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে হাসিনার বাংলাদেশ ছাড়ার সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রাক্তন কর্মকর্তা তাহসিফ সৌরি। যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ ঢাকার তুরাগ নদ থেকে উদ্ধার হয় তাঁর মরদেহ। যেই ঘটনায় নতুন করে উঠে এসেছে হাসিনার প্রসঙ্গ।
সৌরির মৃত্যুর সাথে হাসিনার সম্পর্ক কী?
আজ থেকে দু বছর আগে, 2024 সালের 5 আগস্ট ছাত্র আন্দোলনের চাপে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে শেখ হাসিনার দেশত্যাগের মুহূর্ত নিজের মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করেছিলেন সৌরি। যেই ভিডিওটিতে দেখা গিয়েছিল হাসিনা গাড়ি থেকে নেমে সেনাবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টারে উঠছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশত্যাগের মুহূর্তের সেই দৃশ্য ব্যাপক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
এদিকে, এই ঘটনার কিছু দিনের মধ্যেই বাংলাদেশ বিমান বাহিনীর 6 জন অফিসারকে বাধ্যতামূলকভাবে অবসর দেওয়া হয়েছিল। সেই তালিকায় ছিলেন সম্প্রতি প্রয়াত এই অফিসারও। জানা গিয়েছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও ধারণের অপরাধে তাঁকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! যদিও পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ সৌরিকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানোর সাথে ভিডিও ধারণের কোনও সম্পর্ক নেই বলেই জানিয়ে দিয়েছিল।
তবে বাংলাদেশ সেনাবাহিনীর তরফে সাফাই দেওয়া হলেও প্রাক্তন বাংলাদেশ বিমান বাহিনীর সেনা অফিসারের অস্বাভাবিক মৃত্যুতে ঘুরেফিরে উঠে আসছে হাসিনার প্রসঙ্গই। নিহত ওই প্রাক্তন অফিসারের পরিবার জানিয়েছে, সোমবার রাত বারোটায় কয়েকজন বন্ধুর সাথে বেরিয়েছিল সে। পরে বাড়ি না ফিরলে থানায় মিসিং ডায়েরি করা হয়। ঢাকা মহানগর পুলিশের তরফে জানানো হয়েছে, এক ব্যক্তি থানার কন্ট্রোলরুমে ফোন করে অবসরপ্রাপ্ত সেনা অফিসারের মৃত্যর খবর জানিয়েছিলেন।
আরও পড়ুন: ‘ভারত এখানে একাই রাজত্ব করবে!’ বিরাট দাবি পাকিস্তানের
বাংলাদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, ঠিক কে বা কারা এত রাতে অবসরপ্রাপ্ত সেনা অফিসারের বাড়িতে গিয়েছিলেন, কেনই বা তারা রাতে বেরিয়েছিলেন সবটাই খতিয়ে দেখা হচ্ছে। এদিকে নেট নাগরিকদের অনেকেরই সন্দেহ, তাড়াহুড়ো করে হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়ার বিষয়ে অনেক তথ্য জানতেন ওই প্রাক্তন সেনা আধিকারিক, সেজন্যেই হয়তো তাঁকে পরিকল্পনা করে মারা হয়েছে।










