১ নভেম্বর দিল্লিতে ইন্ডি জোটের মিছিলে যোগ দেবেন মমতা, নিজেই করলেন ঘোষণা

Published:

Mamata Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: নির্বাচনে কারচুপি এবং ভোটার তালিকার নিবিড় সংশোধনের অনিয়মসহ একাধিক ইস্যুতে কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজধানীতে আগামী ১ নভেম্বর বিরাট কর্মসূচির ডাক দিয়েছে ইন্ডি জোট। দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে জোটের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ‘ভোট বাঁচাও মহা র‍্যালি’। এবার এই সমাবেশে নিজে যোগ দেওয়ার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে শামিল হওয়ার আহ্বান জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ইন্ডি জোটের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান মমতার

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে একটি বার্তা দিয়ে তিনি জানিয়েছেন যে আগামী ১ নভেম্বর দুপুর সাড়ে বারোটায় রামলীলা ময়দানে ঐক্যবদ্ধভাবে উপস্থিত থাকবে ইন্ডি জোট। মমতা লেখেন, “ভোট চুরির বিরুদ্ধে এই লড়াই। প্রত্যেক ভারতীয়র পছন্দের অধিকার রক্ষার লড়াই। বাংলায় এবং অন্যান্য রাজ্যজুড়ে ভোট চুরির ঘটনায় নীরবতা নয়, জবাব প্রয়োজন। ইভিএম তদন্তাধীন। ভোটারের তথ্য প্রশ্নবিদ্ধ। ভোটার তালিকা সন্দেহের চোখে। ভোট গণনা চ্যালেঞ্জের মুখে।”

প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, “আমি ছাত্র, যুবক, নারী, শ্রমিক এবং নাগরিক সমাজকে এই লড়াইয়ে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। যখন ভোট হুমকির মুখে তখন নীরব থাকা কোনও বিকল্প নয়। আসুন আমরা আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে এবং আমাদের সংবিধানকে বাঁচাতে একজোট হই। রামলীলা ময়দান, দিল্লি। রবিবার, ১ নভেম্বর দুপুর ১২:৩০।”

প্রসঙ্গত, এই সমাবেশকে কেন্দ্র করে রাজনীতির পারদ ক্রমশ বাড়ছে। কংগ্রেসের সংগঠন সম্পাদক কেসি বেণুগোপাল অভিযোগ করেছেন যে রামলীলা ময়দানের এই ‘দিল্লি চলো’ কর্মসূচিতে মানুষের যোগদান আটকাতে চাইছে কেন্দ্র সরকার। তাঁর দাবি, তেলেঙ্গানা থেকে কংগ্রেস সাংসদ, বিধায়ক এবং কর্মীদের দিল্লি পৌঁছানোর জন্য পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থা করতে ইচ্ছাকৃতভাবে রেল কর্তৃপক্ষ ঢিলামি দিচ্ছে। বলতে গেলে, সবমিলিয়ে আসন্ন নির্বাচনে বিরোধী স্বরকে আরও জোড়ালো করতে দিল্লির রামলীলা ময়দানের এই সমাবেশ জাতীয় রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: এরা আর পাবে না সরকারি চাকরি, নিয়োগের ক্ষেত্রে একাধিক বদল আনল রাজ্য সরকার

এমনকি গতকাল ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নিজেই এই আন্দোলনে সামিল হওয়ার জন্য সকলকে আহ্বান জানান। এক্স হ্যান্ডেলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে তিনি লেখেন, “জ্ঞানুকে যেতেই হবে। ককরোচ জনতা পার্টি ইন্ডিয়া ব্লকের ১ নভেম্বরের সমাবেশ সমর্থন জানিয়েছে। দেশ সবার আগে।”

google button
TRENDING সবচেয়ে বেশি পড়া ← বাদিকে স্ক্রল করুন