পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী

Published:

Updated:

সহেলি মিত্র, কলকাতা: গ্রেফতার তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। রাজ্যে পুরনিয়োগে দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতা সুজিত বসুকে গ্রেফতার করেছিল ইডি। এরপরেই বিস্ফোরক ইঙ্গিত দিয়েছিলেন রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। তিনি সেইসময়ে একদম সরাসরি নাম তুলে ধরে দাবি করেছেন, সুজিত বসুর পর এবার গ্রেফতারির তালিকায় রয়েছেন স্থানীয় প্রভাবশালী নেতা দেবরাজ চক্রবর্তী। এবার সেই কথাই যেন অক্ষরে অক্ষরে মিলে গেল।

গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী

দেবরাজ চক্রবর্তী তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি তৃণমূল সংসদের ডান হাত বলেও পরিচিত ছিলেন। একাধিক সূত্রে খবর গত চার মেয়ে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই নাকি দেবরাজ চক্রবর্তী রীতিমতো নিরুদ্দেশ ছিলেন। তবে এবার আর শেষ রক্ষা হল না। রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হলেন একদা দাপুটে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। রাজ্য পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ তৎপরতায় তাঁকে আটক করা হয়েছে বলে খবর।

পালিয়ে বেড়াচ্ছিলেন নেতা!

তাঁর বিরুদ্ধে বিধাননগর পুর এলাকার একাধিক নিয়োগ ও টেন্ডার পাইয়ে দেওয়া সহ নানা অভিযোগ দায়ের হয়েছিল। এরপর থেকেই তিনি সিবিআই থেকে শুরু করে ইডির স্ক্যানারে ছিলেন। বারবার জিজ্ঞাসাবাদের পরেও তাঁকে ধরা যাচ্ছিলো না কিছুতেই। যদিও এবার শেষ রক্ষা হল না। ফেসবুকে তরুণজ্যোতি তিওয়ারি লিখেছেন, ‘রাজারহাট গোপালপুর বিধানসভার পাপ বিদায়। জন্মদিনের এর থেকে ভালো উপহার আর কিছু হতে পারে না।’ অর্থাৎ দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারিতে শিলমোহর পড়েছে।

গ্রেফতারি এড়াতে নাকি অদিতি মুন্সির স্বামী পালিয়ে বেড়াচ্ছিলেন নানা দিকে। ফোন অবধি বন্ধ রেখেছিলেন তিনি। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁর গোপন আস্তানায় হানা দেয়। সেখান থেকেই পাকড়াও করে নিয়ে যাওয়া হয় দেবরাজকে। যাইহোক, ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বাংলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।