বিকেল ৫টা পর্যন্ত পড়ল প্রায় ৯০% ভোট, পূর্বের সব রেকর্ড ভেঙে ইতিহাস বাংলায়

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে আজ, 23 এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। আর সেই নির্বাচনেই ভোট গ্রহণ শেষ হওয়ার এক ঘন্টা আগেই ভোট পড়ার নিরিখে সর্বকালীন রেকর্ড গড়ে ফেলল বাংলা! এদিন বিকেল 5টা পর্যন্ত রাজ্যের প্রথম দফার নির্বাচনে ভোট দানের হার 89.93 শতাংশ। যা বাংলার গত 2021 বা 2024 সালের ভোটদানের রেকর্ডকে পেছনে ফেলে দিয়েছে। শুধু তাই নয়, আজ পর্যন্ত দেশের অন্যান্য রাজ্যগুলিতে ভোটদানের তুলনায় প্রথম দফার নির্বাচনে ভোটের নিরিখে রেকর্ড গড়েছে পশ্চিমবঙ্গ।

ভোটদানের নিরিখে রেকর্ড গড়ল বাংলা!

রাজ্যে আজ প্রথম দফার নির্বাচনে 152টি আসনে ভোট গ্রহণ হয়েছে। শেষবারের মতো 2021 সালে প্রথম দফায় 152টি আসনে ভোট পড়েছিল 83.2 শতাংশ। 2024 এর নির্বাচন চলাকালীন এই ভোটের শতাংশ ছিল 79.8 শতাংশ। তবে বৃহস্পতিবার রাজ্যের 152টি আসনে প্রথম দফায় বিকেল 5টা পর্যন্ত অর্থাৎ ভোট গ্রহণ শেষ হওয়ার 1 ঘন্টা আগেই ভোট পড়েছে 89.93 অর্থাৎ প্রায় 90 শতাংশ।

এখানেই শেষ নয়, এতদিন ভোটদানের নিরিখে দেশের অন্যান্য রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভোট শতাংশ নিয়ে রেকর্ড গড়েছিল অসম। এবারের বিধানসভা নির্বাচনে বাংলার প্রতিবেশী রাজ্যটিতে ভোট পড়েছে 85.38 শতাংশ। অন্যদিকে

কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট দান হয়েছিল 89.93 শতাংশ। কাজেই বলাই যায়, ভোটের নিরিখে এগিয়ে থাকা এক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে পেছনে ফেলে দিল বাংলার প্রথম দফার নির্বাচন।

না বললেই নয়, আগামী বুধবার অর্থাৎ 29 এপ্রিল বাংলায় দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। এই দ্বিতীয় দফায় ভোটদানের পরিমাণ বা ভোটদানের হার যদি প্রথম দফার হারের কাছাকাছি থাকে কিংবা সেটাকে ছাপিয়ে যায় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ ভেঙে ফেলবে সর্বকালীন বলা ভাল যাবতীয় সর্বভারতীয় রেকর্ড।

অবশ্যই পড়ুন: LSG-র ঘাম ছোটাবে KKR! দুই বদল করে ভয়ঙ্কর একাদশ নামতে পারেন রাহানে

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের হিসাব করলে শেষবারের মতো বাংলার বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছিল 2011 সালে। ওই বিধানসভা নির্বাচনে ভোট দান করেছিলেন 84.33 শতাংশ মানুষ। কমবেশি সকলেই জানেন, এই নির্বাচনের হাত ধরেই 34 বছরের লাল দুর্গের পতন ঘটিয়ে বাংলার সিংহাসন দখল করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।