বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজস্থানকে হারিয়ে অবশেষে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম জয়ের মুখ দেখেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে এখানেই থেমে থাকলে চলবে না। IPL এর পয়েন্ট তালিকায় কলকাতার এই মুহূর্তে যা অবস্থা তাতে পরবর্তী প্রত্যেকটি ম্যাচ জিততে হবে শাহরুখ খানের দলকে। তবেই নিশ্চিত করা যাবে প্লে অফ। তাই আগামী 26 এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একেবারে তৈরি হয়ে নামবে অজিঙ্কা রাহানে বাহিনী। অনেকেই জানতে চাইছেন, এদিন কোন একাদশে ভরসা রাখতে পারে KKR?
ফিরতে পারেন ফিন অ্যালেন
এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের জন্য বড় ইনিংস খেললেও চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতার হয়ে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি ফিন অ্যালেন। যার কারণে গত দুই ম্যাচে নাইটদের একাদশে জায়গা হয়নি তাঁর। এই দুই ম্যাচে ফিনের বদলে জায়গা পেয়েছিলেন নিউজিল্যান্ড দলে তাঁরই সতীর্থ টিম শেইফার্ট। তাতেও অবশ্য খুব একটা কাজ হয়নি। প্রথম ম্যাচে 19 এবং শেষ ম্যাচে শূন্য নিয়ে ফিরতে হয়েছিল এই কিউই তারকাকে। সে কারণেই অনেকেই মনে করছেন, পরবর্তী ম্যাচে LSG-র শেইফার্টকে সরিয়ে ফিন অ্যালেনকে একাদশে নিয়ে আসতে পারে নাইট ম্যানেজমেন্ট।
এন্ট্রি হতে পারে 18 কোটির পেসারের
গত মিনি নিলাম থেকে 18 কোটি খরচ করে শ্রীলঙ্কার দাপুটে পেসার মাথিশা পাথিরানাকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্লেয়ার চোট পাওয়ার কারণে এখনও পর্যন্ত কলকাতার জার্সিতে অভিষেক হয়নি তাঁর। যদিও লঙ্কান বোর্ডের ছাড়পত্র নিয়ে ইতিমধ্যেই নাইট শিবিরের যোগ দিয়েছেন তিনি। বর্তমানে কলকাতার হয়ে পুরোদমে অনুশীলন করছেন এই খেলোয়াড়। আশা করা হচ্ছে 26 তারিখের ম্যাচেই তাঁকে কলকাতার একাদশে দেখা যেতে পারে। সেক্ষেত্রে মাথিশা পাথিরানাকে জায়গা দিতে বাদ পড়তে পারেন বৈভব আরোরা। এছাড়া কলকাতার একাদশে বিশেষ কোন বদল আসবে না বলেই মনে করা হচ্ছে।
অবশ্যই পড়ুন: উঠে যাবে বাইকে বিধিনিষেধ? কমিশনকে কড়া মন্তব্য হাইকোর্টের
LSG-কে হারাতে KKR-র সম্ভাব্য একাদশ
ফিন অ্যালেন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রোভম্যান পাওয়েল, রিঙ্কু সিং (সহ অধিনায়ক), রমণদীপ সিং, অনুকূল রায়, সুনীল নারিন, কার্তিক ত্যাগি ও মাথিশা পাথিরানা। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন বরুণ চক্রবর্তী।










