২৪ ঘন্টা খোলা থাকবে কলকাতার দোকানপাট! বাজেটে ব্যবসায়ীদের মন জয় সরকারের

Published:

West Bengal 24 hours shop open

অনন্যা সরকার, কলকাতা: সোমবার বিধানসভায় পেশ হয়েছে এরাজ্যের প্রথম বিজেপি সরকারের বাজেট (West Bengal Budget 2026)। এই অর্থবর্ষের বাজেট অধিবেশনে ঘোষণা করা হয়েছে যে কলকাতায় এবার থেকে ২৪ ঘন্টা দোকানপাট খোলা (All Day Open) থাকবে। অফিস, হসপিটালিটি প্রতিষ্ঠান এবং লজিস্টিক পরিষেবাও চালু থাকবে দিনভর। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, উৎপাদনশীলতা বাড়ানো এবং কর্মসংস্কৃতি উন্নত করার জন্য এই প্রস্তাব আনা হয়েছে। তবে এই সংস্কার অর্থনৈতিক উন্নতিও করবে বলে আশা করা হচ্ছে। 

এবার থেকে সারাদিন খোলা থাকবে দোকানপাট 

সোমবার বিধানসভায় এবছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য একাধিক বড় ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি থেকে সামাজিক কল্যাণ – সবক্ষেত্রেই বিভিন্ন উন্নয়নমূলক প্রস্তাব দেওয়া হয়েছে সরকারের তরফে। এবছরের সমগ্র বাজেটের পরিমাণ ৪ লক্ষ ৩৮ হাজার ৭৭৫.২৯ কোটি টাকা। বাজেট পেশ করার সময় স্বপন দাসগুপ্ত কলকাতা শহরে এবার থেকে ২৪ ঘন্টা দোকানপাট খুলে রাখা যাবে বলে জানিয়েছেন। প্রসঙ্গত, ১৯৬৩ সালের পশ্চিমবঙ্গ শ্রম দপ্তর এবং পশ্চিমবঙ্গ দোকান ও প্রতিষ্ঠান আইনে দোকান খোলা ও বন্ধ রাখার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা রয়েছে। এই আইন অনুযায়ী, সাধারণ দোকানপাট সকাল ৮ টা থেকে রাত ১০ টা অবধি খুলে রাখা যাবে এবং ওই দোকানে কর্মচারীরা দিনে সাড়ে ৮ ঘন্টা ও সারা সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি কাজ করবেন না।

আরও পড়ুনঃ সব্যসাচীকে সঙ্গে নিয়ে নদিয়ায় রাতভর তল্লাশি, ঘনিষ্ঠর বাড়ি থেকে উদ্ধার ৩.৫ কেজি সোনা

তবে এই আইনে এবার বদল আনছে রাজ্যের নতুন সরকার। এবার থেকে ২৪ ঘন্টা খুলে রাখা যাবে দোকানপাট। আইনে সংশোধনী ও সংস্কার এনে নিশ্চিত করা হবে শ্রমসুরক্ষা। দোকান, রেস্তোরাঁ, লজিস্টিক পরিষেবা ও হসপিটালিটি প্রতিষ্ঠানগুলি দিনভর চালু রাখা যাবে। আপাতত কলকাতা সহ বড় শহরগুলিতে পাইলট হিসাবে চালু করা হবে এই নিয়ম, পরে সারা রাজ্য জুড়ে কার্যকর হতে পারে।