প্রীতি পোদ্দার, কলকাতা: তোলাবাজি মামলায় আরও বিপাকে ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)! এবার তাঁরই ঘনিষ্ঠ এক মহিলার শ্বশুর বাড়িতে তল্লাশি চালিয়ে সাড়ে তিন কেজি সোনা উদ্ধার করল পুলিশ (Police Rescued 3kg Gold)। তুমুল শোরগোল শুরু রাজনৈতিক মহলে। জানা গিয়েছে গতকাল, সোমবার রাতে সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে নদিয়ার (Nadia) তেহট্টের করিমপুরে তদন্ত অভিযানে গিয়েছিল পুলিশ, আর সেখান থেকেই উদ্ধার হয় এই সোনা। কিন্তু এই বিপুল সম্পত্তির মালিকানা কার, তা নিয়ে জোরকদমে চলছে তদন্ত।
উদ্ধার সাড়ে তিন কেজি সোনা
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, এক ব্যবসায়ীর দায়ের করা তোলাবাজি মামলায় বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপরই পুলিশি তদন্তে মিলেছে একাধিক তথ্য প্রমাণ। ইতিমধ্যেই ওই তৃণমূল নেতার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের আর্থিক লেনদেনে বেশ কিছু অসঙ্গতি দেখা দেওয়ায় তাঁর ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। পাশাপাশি সব্যসাচীর ফিক্সড ডিপোজিট এবং নগদ মিলিয়ে মোট ৩ কোটি ৭০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। আর এবার তাঁরই ঘনিষ্ঠ এক মহিলার কাছ থেকে উদ্ধার হল সাড়ে তিন কেজি সোনা। সেই নাকি এখন তৃণমূল নেত্রী।
বিপুল সোনার মালিকানা নিয়ে উঠছে প্রশ্ন
সূত্রের খবর, গতকাল, সোমবার রাতে, রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ককে নদিয়ার করিমপুরে নিয়ে গিয়েছিল বিধাননগর উত্তর থানার সাত জন পুলিশ আধিকারিক। সঙ্গে ছিল করিমপুর থানার পুলিশ। সেখানকার কিশোরপুর এলাকায় তৃণমূল নেত্রী তথা নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার পৈতৃক বাড়িতে তল্লাশি চালানো হয়। রাতভর তল্লাশি অভিযান চালানোর পর বাড়ি থেকে তিন কেজি সোনার গয়না উদ্ধার করা হয়েছে। বর্তমানে যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা। স্থানীয়দের দাবি, এই বিপুল সোনার মালিক নাকি ওই তৃণমূল নেত্রী। যদিও এই বিষয়ে টিনার বক্তব্য জানা যায়নি। সবটাই পুনরায় তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন: অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ নয়, জুলাইতে মহিলারা পাবেন ৪৫০০ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, এর আগে সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাট এবং ব্যাঙ্কের লকার মিলিয়ে প্রায় সাড়ে তিন কেজির সন্ধান পেয়েছিলেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন যে, তোলাবাজির টাকা দিয়ে সোনা কিনে রাখতেন সব্যসাচী। এরপরই জিজ্ঞাসাবাদ করে সোনার হদিস পাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, এই পরিস্থিতিতে সব্যসাচীকে পুনরায় আদালতে পেশ করে আরও ৬ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে চলেছে পুলিশ। এখন দেখার তোলাবাজি মামলার ঘটনায় আর কী কী নতুন তথ্য প্রকাশ্যে আসে।










