অনন্যা সরকার, কলকাতা: পুজোর আগে কিছুটা স্বস্তি আমজনতার। বাসের ভাড়া (Bus Fare) বৃদ্ধি নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল, সেসম্পর্কে সুস্পষ্ট বার্তা দিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি জানিয়েছেন যে, দুর্গাপুজোর আগে বাড়ছে না বাস ভাড়া। মন্ত্রী স্পষ্টভাবে বলেন যে, পুজোর আগে রাজ্যের কোথাও বাসের ভাড়া বৃদ্ধি করা হবে না। তবে পুজোর ছুটি শেষ হলে বাস মালিক ও এর সাথে জড়িত অন্যান্য ব্যক্তিবর্গের সাথে পুনরায় আলোচনায় বসা হবে এবং তখনই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পুজোর আগে বাড়ছে না বাসের ভাড়া
প্রসঙ্গত, ২০১৮ সালের পর থেকে রাজ্যে বাস ভাড়া বাড়ানো হয়নি। বর্তমান পরিস্থিতিতে বাস ভাড়া বাড়ানোকে যুক্তিযুক্ত বলেই মনে করছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তবে তাঁর স্পষ্ট বার্তা হল, ভাড়া বাড়ানোর পাশাপাশি যাত্রী পরিষেবার মানোন্নয়নেরও প্রয়োজন রয়েছে। তাঁর এই বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, পুজোর পরই পশ্চিমবঙ্গের পরিবহন খাতে নীতিগত পরিবর্তন আসতে চলেছে।
জানিয়ে রাখি, ২০১৮ সালের পর এই ৮ বছরে জ্বালানির দাম উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। তাই বাস মালিক সংগঠনগুলো নানা সময়ে একাধিকবার ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে। জ্বালানি ও যন্ত্রপাতির খরচ বৃদ্ধির কথা তুলে বাস মালিকরা ভাড়ার পুনর্বিন্যাস করার জন্যও সরকারকে আবেদন জানান। সম্প্রতি বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের সাথে রাজ্য সরকারের বৈঠকের পর জানানো হয়েছে যে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পুজোর ছুটির পরে নেওয়া হতে পারে।
আরও পড়ুন: মাত্র ৮৯৯৯ টাকায় বিদেশ ভ্রমণের সুযোগ! বিরাট অফার IndiGo-র
এছাড়া, রাজ্যে টোটো নিয়ন্ত্রণের জন্যও সরকার একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে। মন্ত্রী জানান, ন্যাশনাল হাইওয়েগুলিতে টোল ট্যাক্স সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য সরকার একটি নির্দিষ্ট ফি আরোপ করার পরিকল্পনা করছে। এর পাশাপাশি, জাতীয় সড়কগুলিতে টোটো চলাচলের কারণে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে, তাই ওড়িশার মতো পশ্চিমবঙ্গেও জাতীয় সড়কে টোটোর প্রবেশ নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অর্জুন সিং।










