সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে ধূমপানের (Smoking) দৌরাত্ম্য রমরমিয়ে বাড়ছে। এখন আর বয়স লাগে না। স্কুল-কলেজের পড়ুয়ারাও দোকান থেকে সিগারেট কিনে প্রকাশ্যে টানছে! তবে এবার সেই প্রবণতা রুখার জন্যই বিরাট সিদ্ধান্ত নিল যুক্তরাজ্য সরকার (Smoking in United Kingdom)। ২০০৮ সালের পর জন্মগ্রহণকারী কোনও ব্যক্তি আর তামাকজাত জিনিস কিনতে পারবে না। অর্থাৎ, ধূমপান করার জন্য কমপক্ষে তাঁর ১৮ বছর বয়স হতে হবে। হ্যাঁ, ‘টোবাকো এন্ড ভেইপস’ বিলের আওতায় ধূমপান মুক্ত প্রজন্ম গড়ে তোলার জন্য বিরাট পদক্ষেপ নিয়েছে কিয়ার স্টারমার সরকার (United Kingdom)। কী বলা হল নিষেধাজ্ঞায়?
ধূমপানমুক্ত দেশ গড়ে তুলতে বড় নিয়ম
যুক্তরাজ্য সরকারের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যদি আপনার বয়স ১ জানুয়ারি ২০০৯ কিংবা তার পরে হয়ে থাকে, তাহলে আপনি আর তামাকজাত জিনিস কিনতে পারবেন না। তবে হ্যাঁ, যাদের বয়স এই তারিখের আগে তারা নিয়মিত ধূমপান চালিয়ে যেতে পারবেন। বিশেষ করে নতুন প্রজন্মকে ধূমপান থেকে মুক্তি দেওয়ার জন্যই বড় পদক্ষেপ সরকারের। বলাবাহুল্য, ইতিমধ্যে ইংল্যান্ড, সুইজারল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড থেকে শুরু করে বেশ কিছু দেশে এই নিয়ম কার্যকর। সেই সূত্রে একই নিয়মের পথে হাঁটল ইউকে সরকার।
তবে এই বিল সংসদে পেশ করার জন্য বেশ কয়েক বছর সময় লেগেছে। সরকার প্রথমে ২০২৪ সালে খসড়া নিয়ে আসে। তবে হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডসের অনুমোদন পাওয়ার আগে এটিকে নিয়ে বিস্তর আলোচনা করা হয়। অবশেষে সবুজ সংকেত মেলার পর বর্তমানে এটি আইনে পরিণত হয়েছে। যদিও ২০২৭ সাল থেকেই তা কার্যকর হচ্ছে। তখন থেকেই বয়সসীমা গণনা করা হবে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এই রায়কে ঐতিহাসিক মুহূর্ত বলেই অভিহিত করেছেন এবং বলেছেন, এতে তরুণরা ধূমপানের আসক্তি থেকে মুক্তি পাবে।
আরও পড়ুন: প্রয়াগরাজে ভাঙা হবে প্রাচীন মসজিদ, জমি দখলের অভিযোগে নোটিশ জারি রেলের
দ্য গার্ডিয়ান্স বলছে, ধূমপান বর্তমান সময়ের একটি বিশাল জনস্বাস্থ্য সমস্যা এবং মৃত্যুর অন্যতম প্রধান কারণ। শুধুমাত্র, ইংল্যান্ডে ধূমপানের কারণে প্রতি বছর প্রায় ৬৪ হাজার মানুষ মারা যায়। এমনকি লক্ষ লক্ষ মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়। সেক্ষেত্রে এই ধূমপানের জন্যই সরকারকে কয়েক হাজার কোটি ডলার খরচ করতে হয়। আর বেশিরভাগ মানুষ অল্প বয়সেই ধূমপানের অভ্যাস শুরু করে। সেই প্রবণতা রুখার জন্য এই নিয়ম সরকারের। তবে হ্যাঁ, শুধুমাত্র সিগারেট নয়, বরং যে কোনও তামাকজাত জিনিসের উপরেই এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আর যদি এই নিয়ম অমান্য করা হয়, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।










