“মাথা তো আমি ঝোঁকাবো না স্যার…” সরকারি মেলায় হেনস্থার শিকার স্নিগ্ধজিৎ

Published:

Snigdhajit Bhowmik

প্রীতি পোদ্দার, কলকাতা: শীতের মরশুমে চারিদিকে চলছে একাধিক কনসার্ট। গান গাইতে আসছেন একাধিক জনপ্রিয় গায়ক গায়িকা। কিন্তু এবার সেই গানের আসরটাই বদলে গেল ঝামেলায়। সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীর পর এবার সরকারি মেলার মঞ্চে ঝামেলায় জড়ালেন গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik)। অভিযোগ, তাঁকে নাকি গান গাইতে বাধা দেওয়া হয়েছে। শুধু তাই নয় তাঁকে ভরা মঞ্চে অপমান করা হয়।

অনুষ্ঠানের মঞ্চে শুরু হয় বাকবিতণ্ডা

রিপোর্ট মোতাবেক, গত কয়েকদিন ধরেই মেদিনীপুরের বিদ্যাসাগর হলে শুরু হয়েছে রাজ্য সরকারের তৃতীয় বর্ষের আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা। আর সেই মেলায় দুই শতাধিক স্টল নিয়ে হাজির হয়েছেন স্ব-সহায়ক গোষ্ঠীর মহিলারা। মেলায় হাতে গড়া কানের দুল, খাবারের স্টল থেকে চারা গাছ বিক্রি করা থেকে শুরু করে ঘরের আসবাবপত্র এবং ঘর সাজানোর জিনিস, বিক্রি হচ্ছে। এছাড়াও দর্শকদের জন্য আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। গতকাল অর্থাৎ বুধবার সেই অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন সারেগামাপা খ্যাত জনপ্রিয় গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিক। কিন্তু মেলার তৃতীয় দিনে সেই গানের অনুষ্ঠানে লেগে গেল জোর বিতর্ক।

আয়োজকদের সঙ্গে ঝামেলা স্নিগ্ধজিৎ-এর

জানা গিয়েছে, গতকাল অনুষ্ঠান শুরু হওয়ার ঘণ্টা দেড়েক পর যখন স্নিগ্ধজিৎ ভৌমিক স্টেজ থেকে নেমে নীচের ভিআইপিদের সামনে গিয়ে গান করছিলেন, সেই সময় অনুরাগীদের সঙ্গে ঠেলাঠেলিতে মেলা কর্তৃপক্ষ তাঁকে স্টেজে ওঠার কথা বলেন৷ এমনকি তাঁকে স্টেজ থেকে না-নামতে অনুরোধ করা হয়৷ আর তাই নিয়ে বাধে গোল। এদিন শিল্পী ওখান থেকে মঞ্চে উঠে গান থামিয়ে দেন এবং তাঁর সকল সদস্যদের ইন্সট্রুমেন্ট বন্ধ করার নির্দেশ দেন। এরপর শুরু হয় বাগবিতণ্ডা। কয়েক মিনিটের মধ্যেই মঞ্চ থেকে ক্ষুব্ধ হয়ে নেমে যান সঙ্গীত শিল্পী। স্তব্ধ হয়ে যায় অনুষ্ঠান। যদিও পরে ফের স্টেজে এসে গান শেষ করেন স্নিগ্ধজিৎ ৷

মঞ্চে উঠে কী বললেন স্নিগ্ধজিৎ?

মেলা প্রাঙ্গণে, গায়ক স্নিগ্ধজিৎ মাইক হাতে নিয়ে বলেন, “অনেক ছোটবেলা থেকে প্রচুর দায়িত্ব আমার কাঁধে এসেছে৷ কারণ আমার বাড়ির আর্নিং মেম্বার একমাত্র আমি ছিলাম। আমার মা ছোটবেলায় আমাকে শিখিয়েছিলেন, যদি কোথাও আমার অন্যায় থাকে তাহলে, সে যদি আমার থেকে ছোটও হয়, তবুও তার পা ধরে ক্ষমা চেয়ে নিবি। আর যদি অন্যায় না করিস তবে কোনওদিন মাথা ঝোঁকাবি না।” এরপর আয়োজকদের মধ্যে একজনকে উদ্দেশ্য করে তিনি ক্ষোভের সুরে বলেন, “মাথা তো আমি ঝোঁকাবো না স্যার, আপনি যেই হোন, যাই হোন, আপনার ওয়ে অফ টকিং খুব বাজে ছিল। এতক্ষণ ধরে এতগুলো মানুষ আমরা আনন্দ উপভোগ করছিলাম, সেখানে এই ঘটনায় কিছুটা হলেও ডিস্টার্ব হল।”

আরও পড়ুন: চেন্নাইয়ে গিয়ে ফের রহস্যমৃত্যু মালদার পরিযায়ী শ্রমিকের! ৮ দিন পর উদ্ধার দেহ

শিল্পী বিতর্কের ঘটনায়, সৃষ্টিশ্রী মেলায় আয়োজক তথা অতিরিক্ত জেলাশাসক গোবিন্দ হালদার বলেন, “ স্নিগ্ধজিৎ ভৌমিক গান করতে করতে বারবার স্টেজ থেকে নীচে নেমে আসছিলেন। এই জন্য ওঁকে বলা হয়েছিল, স্টেজ থেকে আপনি নামবেন না। যেকোনও সময় কোনও ঘটনা ঘটতে পারে৷ কিন্তু উনি কথা শোনেননি। যদিও শেষ পর্যন্ত উনি গান গেয়েছেন। টাকা ফেরত দেওয়ার কোনও ব্যাপার ঘটেনি৷ ওনাকে টাকা তো আগেই দিয়ে দিয়েছি৷” প্রসঙ্গত এই মেলায় বিশিষ্ট গায়ক গায়িকাদের গান গাওয়ার তালিকায় রয়েছে নন্দী সিস্টারস, বিনোদ রাঠোর, পৌষালী বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র। কিন্তু আচমকা গতকালের এই ঘটনায় সকলেই বেশ বিরক্ত।

আরওMidnapore
google button