সৌভিক মুখার্জী, কলকাতা: হাড়হিম কাণ্ড কলকাতার গলফগ্রিনে (Golf Green)। অরবিন্দনগরে এক ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণ–তরুণীর মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, ওই বহুতলের চারতলার ফ্ল্যাটে বেশ কিছু মাস ধরে তাঁরা একসঙ্গে থাকতেন। এমনকি ওই ফ্ল্যাটে মাঝেমধ্যে আরও এক যুগল থাকতেন। কিন্তু মৃত্যুর কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান, মাদক সেবনের কারণেই ভয়াবহ কাণ্ড। যুগলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
গলফগ্রিনে ভয়াবহ কাণ্ড
সূত্রের খবর, গলফগ্রিনের ওই ফ্ল্যাটে মৃত তরুণ এবং তরুণী ভাড়া থাকতেন, এবং তাদের সঙ্গে আরও এক যুগল মাঝেমধ্যে থাকতেন। মৃত তরুনীর বাড়ি কলকাতার রামগড়ে, আর তরুণের বাড়ি তিলজলায়। আজ সকালে ফ্ল্যাট থেকেই তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এমনকি তরুণীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাঝেমধ্যে ওই যুগল এখানে এসে থাকত। তবে শনিবার রাতে তারা এখানে ছিল কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তাঁদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ জানিয়েছে, তরুণীর মাথায় যে আঘাতের চিহ্ন রয়েছে সেখান থেকে স্পষ্ট উঠে আসছে যে তাঁকে আঘাত করে মারা হয়েছে। কিন্তু পড়ে গিয়েও আঘাত লাগতে পারে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ইতিমধ্যে দু’জনের মৃতদেহ ময়নতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট প্রকাশ্যে আসলেই সবটা জানা যাবে। কিন্তু পুলিশের অনুমান, মাদক সেবনের প্রবণতা ছিল যুগলের মধ্যে, যে কারণে ঘটতে পারে কোনও দুর্ঘটনা। ইতিমধ্যে তরুণ এবং তরুণীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। আর দু’জনের বাড়ির লোক থানায় উপস্থিত হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: বিশ্বে প্রথম বোলার হিসেবে অভিষেক ম্যাচে এমন ইতিহাস, পাকিস্তান পেল নতুন সুপারস্টার
স্থানীয় সূত্র বলছে, বিগত চার থেকে পাঁচ মাস ওই তরুণ এবং তরুণী একত্র ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ছেলেটি একটি বেসরকারি সংস্থায় কাজ করত। আর মেয়েটিকে খুব একটা ফ্ল্যাটের বাইরে বের হতে দেখা যেত না। কিন্তু আচমকা কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। পুলিশ ফ্ল্যাটের বাইরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে অনুমান, মাদক সেবনের প্রবণতার কারণেই এই দুর্ঘটনা।










