বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল সরকারের জামানা শেষ। বাংলায় এখন ভারতীয় জনতা পার্টির শাসন (BJP Government)। আর সেই শাসন শুরু হতেই শুরু হয়েছে বেআইনি হকার উচ্ছেদ। অবৈধ আবাসনও ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বুলডোজার। ইতিমধ্যেই হাওড়া স্টেশন থেকে শুরু করে শিয়ালদা স্টেশনে সমস্ত অবৈধ এবং বেআইনি হকারদের সরিয়ে দিয়েছে রেল। শনিবার রাত থেকেই দমদম স্টেশনে (Dum Dum Junction Railway Station) দফায় দফায় চলল হকার উচ্ছেদ কর্মসূচি। এদিন একেবারে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল একের পর এক অবৈধ দোকান। তাতেই মাঝরাতে বুলডোজার অভিযান নিয়ে তুলকালাম কান্ড দমদমে।
দোকান ভাঙা আটকাতে ময়দানে নামেন ব্যবসায়ীরা!
সূত্রের খবর, মাঝরাত থেকে বুলডোজার দিয়ে একের পর এক অবৈধ দোকান ভেঙে ফেলার প্রতিবাদে রবিবার সকাল থেকেই বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে হকার্স ইউনিয়নের সদস্যরা। বেআইনি হকার উচ্ছেদ অভিযান আটকাতে ব্যবসায়ীরা পথে নামতেই ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টায় শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের দূরে সরিয়ে দেয় প্রশাসন। ফের চলে বুলডোজারের চাকা।
বলাই বাহুল্য, কিছুদিন আগেই অন্যান্য স্টেশনের মতোই দমদম স্টেশনেও হকার উচ্ছেদ নিয়ে নোটিস দেওয়া হয়েছিল। স্টেশন চত্বরে অবৈধভাবে দোকান করে বসে থাকা হকার থেকে শুরু করে ব্যবসায়ীদের একেবারে নোটিস দিয়ে বলা হয় নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান সরিয়ে দিতে হবে অন্যথায় সেগুলি ভেঙে ফেলবে রেল। সূত্রের খবর, নোটিস পেয়ে অনেকেই নিজেদের দোকানপাট সরিয়ে নিয়েছিলেন। তবে শনিবার পর্যন্ত যাঁরা দোকান সরাননি এবার সেই সব দোকানই ভেঙে দেওয়া হল বুলডোজার দিয়ে।
Dum Dum, West Bengal: Eviction of hawkers at Dum Dum Station began after midnight as a joint team of Railways, Kolkata Police and paramilitary forces cleared encroachments, waking vendors and removing stalls from the road leading to the station. pic.twitter.com/dhIIKuKIet
— IANS (@ians_india) May 30, 2026
অবশ্যই পড়ুন: অভিষেকের উপর হামলা চালিয়েছে লাভলী মৈত্রর অনুগামীরাই? প্রকাশ্যে বড় তথ্য
কেন এই হকার উচ্ছেদ?
রেলের তরফে জানানো হয়েছে, দমদম স্টেশনের গা ঘেঁষে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল একের পর এক অবৈধ হকার। স্টেশনের বাইরের রাস্তায় অবৈধ দোকান বসিয়ে ব্যবসা চালাতো তারা। এর ফলে রাস্তা দিয়ে সাধারণ মানুষের হাঁটাচোরায় ব্যাপক সমস্যা হতো। ফলে সেই সমস্যার সমাধান করতেই হকার উচ্ছেদের আগে নোটিস ধরানো হয়েছিল। রেলের দাবি, বারবার বলা সত্ত্বেও অনেক ব্যবসায়ী সেখান থেকে সরছিলেন না। এদিকে দমদম স্টেশন চত্বরে সব সময়ই যাত্রীদের ভিড় লেগে থাকে। তাই হকার উচ্ছেদ করে যাত্রীদের যাতায়াতের রাস্তা মসৃণ করতে মধ্যরাতেই বিরাট পুলিশ বাহিনী নিয়ে বুলডোজার চলে দমদম স্টেশন চত্বরে।










