প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের আবহে সরগরম রাজ্য রাজনীতি। একদিকে যেমন চলছে ভোট প্রচারের প্রস্তুতি ঠিক তেমনই অন্যদিকে চর্চায় উঠে আসছে SIR প্রক্রিয়া। যত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় এগিয়ে আসছে ততই ভোটার তালিকা সংশোধনের জট আরও পাকাচ্ছে। এদিকে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা (SIR Final Voter List) প্রকাশ করতে হবে আগামী 28 ফেব্রুয়ারি কিন্তু দেখা যাচ্ছে এখনও পর্যন্ত ভোটার তালিকা তৈরির কাজ শেষ হয়নি। আর তাতেই বেশ চিন্তিত সকলে। এই অবস্থায় শোনা যাচ্ছে চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই নাকি ভোট ঘোষণা হতে পারে বঙ্গে।
চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই ভোট ঘোষণা?
সূত্রের খবর, মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই ভোট ঘোষণা করা যায়। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে তালিকা সবার শেষে বার হবে, সেটিকেই চূড়ান্ত তালিকা হিসাবে ধরা হবে। এবং সেই তালিকাতেই ভোট হবে। আসলে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক, 28 তারিখের পরেও ধাপে ধাপে তালিকা প্রকাশ করতে পারবে কমিশন। পরবর্তী কালে সেগুলিকেও চূড়ান্ত তালিকা হিসাবে ধরা হবে। ফলে মোট কত নাম বাদ গেল একেবারে সেই তালিকা ধরে হিসাব করতে হবে।
বাড়ছে না বুথের সংখ্যা
রাজ্যে খসড়া তালিকা যখন প্রকাশিত হয়েছিল তখন তালিকা থেকে 58 লক্ষের বেশি নাম বাদ পড়েছিল। আর তাই নিয়ে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছিল তুমুল শোরগোল। এমনকি শাসকদল তৃণমূল কংগ্রেসও প্রশ্ন তুলেছিল খসড়া তালিকা নিয়ে। তবে এবার আশঙ্কা করা হচ্ছে পূর্ণাঙ্গ চূড়ান্ত তালিকাতেও বাদ পড়া ভোটারের সংখ্যাটা অনেকটাই বাড়তে পারে। অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর মঙ্গলবার জানিয়েছে, আসন্ন বিধানসভা ভোটের আগে নতুন করে বুথবিন্যাসের যে পরিকল্পনা করা হয়েছিল তা বাতিল করা হল। কারণ এসআইআরের কাজ শেষ না হওয়ায় এখনও পর্যন্ত কত ভোটার বাদ যাচ্ছে এবং কত ভোটার যুক্ত হচ্ছে, সেই হিসাব মিলছে না।
আরও পড়ুন: বিজ্ঞাপনে রেকর্ড আয় KMC-র! নয়া নীতিতে কমছে দৃশ্য দূষণ, বাড়ছে আশার আলো
কমিশনের পূর্বসূচি অনুযায়ী, বুধবার রাজ্যে বুথবিন্যাস নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। এবং 1200-র বেশি ভোটার থাকলে নতুন বুথ তৈরি করা হবে। কিন্তু কাজ এখনো অসম্পূর্ণ থাকায় আগের বুথের হিসাবই থাকবে বলে জানিয়েছে কমিশন। অর্থাৎ পশ্চিমবঙ্গে 80,681টি বুথই থাকছে। অন্যদিকে 1 মার্চ থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। দুই দফায় 10 তারিখের মধ্যে মোট 480 কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে কমিশন। সম্ভবত, মার্চ মাসের প্রথম সপ্তাহেই বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেবে কমিশন।












