প্রীতি পোদ্দার, কলকাতা: ট্রেন, বাস, মেট্রো, অ্যাপ ক্যাব ছাড়াও নিজের গন্তব্যে যাওয়ার জন্য কলকাতার অন্যতম গণ পরিবহণ হল অটো। সস্তার মধ্যে কম দূরত্বে যাওয়ার জন্য অনেকেই এই পরিবহনের উপর নির্ভরশীল। কিন্তু দেখা যায় শহরের অধিকাংশ অটো রুট গুলিতেই পারমিটের তুলনায় বেশি সংখ্যায় গাড়ি চলে। হয় সেখানে অটো রুট নেই, নইলে চালু থাকা রুটে পর্যাপ্ত সংখ্যায় অটো নেই। সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের, এবার এগিয়ে এল পরিবহন দফতর। কলকাতার বুকে চালু করা হল নতুন রুট (Auto Routes In Kolkata)।
কলকাতাবাসী পেল দুটি নয়া অটো রুট
বিগত কয়েকদিন ধরেই অটো রুট নিয়ে একাধিক অভিযোগ উঠে আসছিল, তাই শহরে যাত্রীদের গণপরিবহণ ব্যবস্থাকে আরও গতিশীল ও উন্নত করতে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য পরিবহণ দফতর। সম্প্রতি দফতরের সচিব সৌমিত্র মোহনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কলকাতায় আরও দু’টি নতুন অটো রুট চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। যার মধ্যে একটি হল বাবু বাজার ট্রাম ডিপো থেকে মোমিনপুর স্ট্যান্ড, এবং অপরটি হল রাজাবাজার ট্রাম ডিপো (দক্ষিণ দিক) থেকে তপসিয়া। জানা গিয়েছে বাবু বাজার ট্রাম ডিপো থেকে মোমিনপুর স্ট্যান্ড রুটে সর্বাধিক ২৫ টি অটো যাতায়াতের পারমিট দেওয়া হয়েছে এবং রাজাবাজার ট্রাম ডিপো থেকে তপসিয়া পর্যন্ত মোট ৫০টি অটো চলাচলের পারমিট দেওয়া হয়েছে।
কোথায় কোথায় স্টপেজ দেবে?
পরিবহন দফতরের বিজ্ঞপ্তিতে দুটি নয়া অটো রুটের স্টপেজ কোথায় কোথায় হবে সেই নিয়েও অটো চালক এবং যাত্রীদের জানানো হয়েছে। বাবু বাজার ট্রাম ডিপো থেকে মোমিনপুর স্ট্যান্ড রুটে অটোগুলি ভুকৈলাশ রোড, একবালপুর রোড, ইব্রাহিম রোড এবং ব্রাউন ফিল্ড রোড হয়ে যাতায়াত করবে। এবং রাজাবাজার ট্রাম ডিপো থেকে তপসিয়া পর্যন্ত অটোগুলি ক্যানাল ওয়েস্ট রোড, বেলেঘাটা মেন রোড, পটারি রোড, গোবরা রোড ও লাল বাবা মাজার হয়ে ২৪ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছোবে। এছাড়াও যানজট নিয়ন্ত্রণে রাখতে রাজাবাজার রুটের টার্মিনাসটি রাজাবাজার ক্রসিংয়ের দক্ষিণ দিকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। দফতরের এই পদক্ষেপে বেশ খুশি অটো চালক থেকে শুরু করে যাত্রীরা।
আরও পড়ুন: চিংড়িঘাটা মেট্রো নিয়ে নতুন সমস্যা, অরেঞ্জ লাইনে কাটছে না জট
মূলত জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে এবং পরিবহণ পরিষেবার সম্প্রসারণের লক্ষ্যেই নতুন দুই রুট চালুর অনুমতি দিয়েছে রাজ্য পরিবহন দফতর। জানা গিয়েছে গত বছর জুলাই মাস থেকে চলতি বছর জানুয়ারি মাসের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে এই দু’টি রুটে চলাচলের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই আগে থেকেই কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ থেকে এই রুটগুলির জন্য ‘NOC’ সংগ্রহ করা হয়েছিল। অবিলম্বে এই বিজ্ঞপ্তি অনুযায়ী দুটি রুট চালু হতে চলেছে।












