মাত্র ৩৪০ টাকায় মাসভর আনলিমিটেড যাতায়াত, বিরাট স্বস্তি টোল প্লাজায়! কারা পাবে সুবিধা?

Published:

Toll Plaza Local Monthly Pass
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সড়কপথে নিয়মিত যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রইল বড় স্বস্তির খবর। কারণ, টোল প্লাজায় বারবার টোল দিতে গিয়ে যাদের মাসিক খরচ অনেকটাই বেড়ে যাচ্ছিল, তাদের জন্য বিরাট সুবিধা নিয়ে আসলো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। হ্যাঁ, এখন থেকে নির্দিষ্ট শর্ত পূরণ করলেই মাত্র ৩৪০ টাকায় গোটা মাস একটি নির্দিষ্ট টোল প্লাজা দিয়ে আনলিমিটেড বার যাতায়াত করতে পারবেন। তবে কারা পাবে এই লোকাল মান্থলি পাসের (Toll Plaza Local Monthly Pass) সুবিধা? জানুন বিশদে।

৩৪০ টাকায় আনলিমিটেড টোল পাস

জেনে রাখা ভালো, ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য লোকাল মান্থলি পাসের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৩৪০ টাকা। আর এই পাস একবার নিলে সংশ্লিষ্ট টোল প্লাজা দিয়ে মাসের মধ্যে আপনি যতবার খুশি ততবার যাতায়াত করতে পারবেন। আলাদা করে কোনও রকম টোল দেওয়া লাগবে না। ধরুন, কোনও ব্যক্তি প্রতিদিন দু’বার করে টোল পার হচ্ছেন এবং একবার টোল দিতে গেলে ৫০ টাকা লাগছে। সেক্ষেত্রে মাসে প্রায় ৩০০০ টাকা মতো খরচ হতে পারে। তবে নতুন এই পাসে মাত্র ৩৪০ টাকা দিলেই আপনি গোটা মাস আনলিমিটেড বার যাতায়াত করতে পারবেন।

কাদের জন্য এই সুবিধা?

তবে হ্যাঁ, এই মান্থলি পাসের সুবিধা পেতে গেলে অবশ্যই কিছু শর্ত মানতে হবে। প্রথমত, আবেদনকারীর বাসস্থান সংশ্লিষ্ট টোল প্লাজার ২০ কিলোমিটারের মধ্যেই হতে হবে। দ্বিতীয়ত, শুধুমাত্র ব্যক্তিগত গাড়িগুলি এই সুবিধার আওতায় আসবে। অর্থাৎ সাদা নম্বর প্লেট থাকতে হবে। তৃতীয়ত, বাণিজ্যিক যানবাহন এই সুবিধা পাবে না। অর্থাৎ, হলুদ নম্বর প্লেট থাকলে এই সুবিধা মিলবে না। আর গাড়িতে সক্রিয় FASTag হবে।

কীভাবে আবেদন করবেন আর কী কী ডকুমেন্ট দরকার?

এই মান্থলি টোল পাসের জন্য আপনি অনলাইন এবং অফলাইন দু’ভাবেই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য ভারতীয় হাইওয়ে ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের অফিসিয়াল পোর্টাল বা সংশ্লিষ্ট FASTag প্রদানকারী ব্যাঙ্কের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে মান্থলি পাস বিভাগে গিয়ে আবেদন করে নিতে পারবেন। তবে অফলাইনে আবেদন করার জন্য সরাসরি টোল প্লাজার পাশের পয়েন্ট অফ সেল কাউন্টারে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়ে এই পাস সক্রিয় করে নিতে পারবেন।

আরও পড়ুন: বিজেপিতে যোগদান করলেন ‘বন্দেমাতরম’ স্রষ্টা বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্য

আর এক্ষেত্রে যে ডকুমেন্টগুলো দরকার হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার আইডি কার্ড বা বিদ্যুতের বিল এবং সক্রিয় FASTag আইডি। এমনকি ঠিকানার প্রমাণপত্রে আপনাকে দেখাতে হবে যে, আপনার বাড়ি টোলপ্লাজার ২০ কিলোমিটারের মধ্যেই। তাই যদি আপনি ওই সুবিধার আওতায় আসেন, তাহলে আজই কিনে ফেলুন মান্থলি পাস এবং মাসে যতবার খুশি ততবার টোল প্লাজা দিয়ে যাতায়াত করুন।