প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা, এরপরেই প্রকাশিত হতে চলেছে SIR বা বিশেষ নিবিড় পরিমার্জন প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা (SIR Final Voter List)। তাই স্বাভাবিকভাবেই এই তালিকাকে কেন্দ্র করে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। আগেই কমিশন জানিয়েছে এই চূড়ান্ত তালিকা, তিনটি ভাগে প্রকাশ করা হবে। আর সেগুলি হল অ্যাপ্রুভড বা অনুমোদনপ্রাপ্ত ভোটার, অমীমাংসিত ভোটার ও বাতিল হওয়া ভোটার। এই পরিস্থিতিতে চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে বড় আপডেট দিল কমিশন। তালিকা থেকে কত জন বাদ পড়তে পারে সেই নিয়ে এক বড় আশঙ্কা প্রকাশ্যে এল।
SIR প্রক্রিয়া নিয়ে ক্ষোভ শাসকদলের
এসআইআর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, সেই তালিকায় প্রথমেই বাদ পড়েছে ৫৮ লক্ষ ভোটারের নাম, যা নিয়ে হুলুস্থুল কাণ্ড শুরু হয়েছিল রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে রীতিমত গর্জে উঠেছিলেন। তাঁর দাবি কমিশন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ইচ্ছে করে ভোটারদের নাম বাদ দিয়েছে। এরপরই শুরু হয়েছিল শুনানি পর্ব। কিন্তু তাতেও বিতর্কের জট কাটেনি। সেই শুনানিতেও বাদ পড়েছে ৬ লক্ষ ২৫ হাজারের নাম। আর এবার এখনও পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, আপাতত চূড়ান্ত তালিকায় অতিরিক্ত ৯ লক্ষের নাম বাদ পড়তে চলেছে।
৬৮ লক্ষ নাম বাতিল!
রিপোর্ট মোতাবেক গতকাল অর্থাৎ শুক্রবার, সন্ধ্যায় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ”আপাতত চূড়ান্ত তালিকায় অতিরিক্ত ৯ লক্ষের নাম বাদ পড়তে চলেছে। অর্থাৎ খসড়া তালিকায় যে ৫৮ লক্ষের নাম বাদ পড়েছিল, চূড়ান্ত তালিকায় তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও ৯ লক্ষ। সবমিলিয়ে আপাতত ৬৮ লক্ষ নাম বাতিল।” এছাড়াও কমিশনের তরফে আরও জানানো হয়েছে যে, “৬০ লক্ষ ভোটারের তথ্যে অসংগতি মেলায় তা খতিয়ে দেখা হচ্ছে। তাই সেই সব নামের পাশে লেখা থাকবে Adjudicated বা অমীমাংসিত ভোটার। পরবর্তীতে সাপ্লিমেন্টারি তালিকা বেরলে এই নাম যুক্ত হওয়ার সম্ভাবনা।”
আরও পড়ুন: DA ইস্যুর মাঝেই পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা
কখন প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা?
প্রসঙ্গত, আজ অর্থাৎ শনিবার, দুপুরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। নাম চেক করতে নির্বাচন কমিশনের অ্যাপ এবং ওয়েবসাইট থেকে এপিক নম্বর বা মোবাইল নম্বর দিয়ে চেক করা যাবে। যেই দুটি ওয়েবসাইট থেকে চেক করা যাবে সেই দুটি হল https://voters.eci.gov.in এবং https://electoralsearch.eci.gov.in। এছাড়াও বিডিও এবং এসডিও অফিসে তালিকা টাঙানো থাকবে। পাশাপাশি চূড়ান্ত তালিকা থাকবে জেলাশাসকের কার্যালয়েও।












