বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের অন্যতম জনপ্রিয় শহর কালনা (Kalna)। পশ্চিম বর্ধমান জেলার ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই শহরটিকে মূলত তার ঐতিহাসিক স্থাপত্য এবং মন্দিরের জন্য মন্দিরের শহর হিসেবেই চেনেন পর্যটকরা। সারা বছরে দেশের নানান প্রান্ত থেকে পর্যটকরা আসেন এই কালনা শহরে। কলকাতা থেকে প্রায় 92 কিলোমিটার দূরে অবস্থিত এই কালনায় রেলপথে আসতে হলে নামতে হয় অম্বিকা কালনা স্টেশনে। আর এই স্টেশনেই দীর্ঘদিন ধরে কিছু এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার দাবি জানিয়ে পথে নেমেছিলেন কালনার বাসিন্দারা। এ নিয়ে বিজেপির নতুন বিধায়ক সিদ্ধার্ত মজুমদারের কাছেও আবেদন জানন তাঁরা। আর তারপরেই এবার দাবি পূরণ হতে চলেছে কালনার মানুষের!
কালনা স্টেশনে দাঁড়াবে একাধিক এক্সপ্রেস ট্রেন
বছরের বিভিন্ন সময়ে ট্রেনে চেপে কালনা স্টেশনে নামেনে পর্যটকরা। মূলত সে কারণেই স্টেশনটির গুরুত্ব বুঝে এই স্টেশনটিকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় একেবারে ঢেলে সাজানো হচ্ছে। কিন্তু তা সত্বেও বিগত কয়েক বছর এই স্টেশনে একাধিক গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দিচ্ছে না রেল। কিছু এক্সপ্রেস ট্রেনের স্টপেজ আবার তুলে নেওয়া হয়েছে। আর তাতেই ক্ষুব্ধ কালনাবাসী। শোনা যাচ্ছে, এ নিয়ে নতুন বিধায়ককে সমস্ত দাবি দাওয়া জানানোর পরেই বিধায়ক সিদ্ধার্ত মজুমদার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লেখেন।
রেলমন্ত্রীকে লেখা ওই চিঠিতেই কালনা স্টেশনে বেশ কিছু ট্রেনের স্টপেজ দেওয়ার অনুরোধ করেন তিনি। শনিবার, কলকাতায় রেলমন্ত্রীকে নিজের হাতে এই চিঠি বা আবেদন পত্র লিখিত আকারে তুলে দেন বিধায়ক সিদ্ধার্থ। জানা গিয়েছে, রেলমন্ত্রীকে লেখা ওই চিঠিতে কালনায় পাহাড়িয়া এক্সপ্রেস, হাওড়া–বালুরঘাট এক্সপ্রেস, গরিব রথ এক্সপ্রেসের মতো ট্রেনের স্টপেজ দেওয়ার অনুরোধ করেন বিধায়ক। এখানেই শেষ নয়, এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি সকালের দিকে কাটোয়া থেকে শিয়ালদহে যাওয়ার এবং সন্ধ্যায় শিয়ালদহ থেকে ফেরার জন্য লোকাল ট্রেনেরও ব্যবস্থা করার আর্জি জানান তিনি।
অবশ্যই পড়ুন: বিনামূল্যের যাত্রায় পড়া ভিড় মহিলাদের, চাপ কমাতে এই ১৪ রুটে বাড়ল বাসের সংখ্যা
এছাড়াও ওই এক চিঠিতে রেলমন্ত্রীর কাছে কালনার ইন্দিরাবাজার রেলগেট অঞ্চলে একটি ওভারব্রিজ এবং জিউধরা রেলগেট এলাকায় আন্ডারপাস তৈরি করার অনুরোধ জানান নতুন বিধায়ক সিদ্ধার্থ। এবার তা নিয়েই নিজের ফেসবুক হ্যান্ডেলে বিধায়ক জানিয়েছেন, “কালনা বাসীর বিভিন্ন দাবি – দাওয়া শোনার পর সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে গতকাল রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় এর মিটিংয়ে লিখিত আকারে জমা দেওয়া হয়েছে। আগামীদিনে ওই দাবিগুলি পূরণ করবেন বলে আশ্বস্ত করা হয়েছে।” বিধায়কের এমন বার্তার পর দীর্ঘদিনের দাবি পূরণ হবে জেনে উচ্ছ্বসিত কালনার বাসিন্দারা।










