হবে ১২ হাজার কর্মসংস্থান, বাংলায় ২৭,০০০ কোটি বিনিয়োগের পরিকল্পনা বিক্রম সোলারের

Published:

Vikram Solar Invest in Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার বাংলায় বিনিয়োগের পরিকল্পনা সৌরশক্তি সংস্থা বিক্রম সোলারের। রাজ্যে প্রায় ২৭ হাজার কোটি টাকার একটি বিশাল প্রকল্প গড়ে তোলার প্রস্তাব দিয়েছে সংস্থা (Vikram Solar Invest in Bengal)। আর এই প্রকল্প বাস্তবায়িত হলে আনুমানিক ১২ হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। কলকাতা ভিত্তিক এই সংস্থা মূলত সৌরশক্তি প্রযুক্তি আর সোলার প্যানেল (Solar Panel) উৎপাদনের জন্যই পরিচিত। বহু বছর আগে ফলতা স্পেশাল ইকোনমিক জোন থেকেই যত্রা শুরু করা বিক্রম সোলার বর্তমানে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে।

বড় উদ্যোগ বিক্রম সোলারের

সংস্থার পরিকল্পনা অনুযায়ী, পশ্চিমবঙ্গে একটি বৃহৎ এনার্জি ট্রান্সমিশন ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করতে চলেছে তারা। অর্থাৎ সৌরশক্তি শিল্পের জন্য প্রয়োজনীয় প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ উপকরণ এখান থেকেই তৈরি করা হবে। যার মধ্যে থাকবে সোলার ইনগট, ওয়েফার, সোলার সেল, সোলার পিভি মডিউল ইত্যাদি। অর্থাৎ কাঁচামাল থেকে শুরু করে সোলার প্যানেল তৈরির গোটা ব্যবস্থা একসঙ্গে গড়ে তুলতে চাইছে সংস্থা। আর যেটি পশ্চিমবঙ্গেই হবে।

তবে সূত্র বলছে, এই মেগা প্রকল্পের জন্য প্রায় ৭০০ একর জমির প্রয়োজন পড়তে পারে। ধাপে ধাপে সেই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর জ্ঞানেশ চৌধুরী ইতিমধ্যেই রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য আবেদন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলায় শিল্প এবং অর্থনীতিতে দ্রুত পরিবর্তন আসবে। বিশেষ করে নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে এবার রাজ্যের অবস্থান আরও শক্তিশালী হবে। কেউ কেউ বলছেন, ভারতে বহু বছর আগে সৌরশক্তি শিল্প শুরু হলেও সঠিক নীতির অভাবে অনেক ক্ষেত্রে গতি থমকে গিয়েছিল। কিন্তু এখন নতুন করে এই খাতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: টানা ডিউটি করলে ১০ দিন ছুটি, এই কর্মীদের বড় উপহার রাজ্য সরকারের

তবে সবথেকে বড় বিষয় হল কর্মসংস্থান। এই প্রকল্প সফল হলে ১২ হাজার মানুষের সরাসরি চাকরির সুযোগ তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে শিল্পক্ষেত্রে গ্রিন জব বা পরিবেশবান্ধব কর্মসংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে এই প্রকল্প রাজ্যের যুব সমাজের জন্য বিরাট সুযোগ হতে পারে। কিন্তু এত বড় প্রকল্প ঘিরে কিছু প্রশ্ন উঠতে পারে। পরিবেশ বিশেষজ্ঞদের একাংশের মতে, এত বিশাল জমি ব্যবহারের আগে পরিবেশগত প্রভাব খতিয়ে দেখা জরুরী। বিশেষ করে কৃষি জমি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়ে সতর্ক থাকা উচিত। এখন দেখার রাজ্য সরকার এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।