টানা ডিউটি করলে ১০ দিন ছুটি, এই কর্মীদের বড় উপহার রাজ্য সরকারের

Published:

Government of West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: দুর্গাপূজা বাঙালির ইমোশন। কিন্তু সেই উৎসবে যখন বাঙালি মেতে থাকে, তখন পুলিশ এবং হোম গার্ডদেরকেই সারা দিনরাত এক করে পায়ের ঘাম মাথায় ফেলে ডিউটি করতে হয়। তবে এবার অতিরিক্ত ডিউটি করা পুলিশ ও হোমগার্ড কর্মীদের জন্য বিরাট স্বস্তির খবর ঘোষণা করল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং হোমগার্ড ভলান্টিয়ারদের জন্য বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের (Government of West Bengal) তরফ থেকে।

পুলিশদের জন্য বিরাট স্বস্তি

নবান্ন স্পষ্ট নির্দেশিকা জারি করে জানিয়েছে, ২০২৫ সালের দুর্গাপূজা ও অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে যে সমস্ত পুলিশ কর্মী এবং হোমগার্ডরা অতিরিক্ত ডিউটি করেছেন, তাদেরকে ১০ দিনের ছুটি মঞ্জুর করা হবে। এর মধ্যে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ আর হোমগার্ড ভলেন্টিয়াররা অন্তর্ভুক্ত থাকবেন। কিন্তু এর জন্য একটা নির্দিষ্ট শর্ত রয়েছে। ২০২৫ সালের দূর্গাপূজার ছুটি আর অন্যান্য গেজেটেড ছুটির দিনগুলোতে যারা ন্যূনতম ৭ দিনের বেশি সময় ডিউটি করেছেন, তারাই এই সুবিধা পাবেন। আর এই ছুটি নিতে হবে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই।

তবে ১০ দিন শুধুমাত্র ক্যাজুয়াল লিভ নয়, বরং যোগ্য কর্মীরা প্রথম ৮ দিন ক্ষতিপূরণ মূলক ছুটি পাবে। আর বাকি ২ দিন বিশেষ ছুটি বা স্পেশাল লিভ পাবে। এমনকি নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, এই ছুটি ক্যাজুয়াল লিভ ছাড়া অন্য ধরনের বড় ছুটি কিংবা কোনও স্থানীয় গ্যাজেট ছুটির দিনগুলির সঙ্গে একসাথে মিলিয়ে নেওয়া যাবে না। রাজ্যপালের সম্মতি সাপেক্ষেই নবান্নের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। আর রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল, ইন্সপেক্টর জেনারেল, কলকাতা পুলিশের কমিশনার এবং হোম গার্ডের ডিরেক্টর জেনারেলদের কাছে তা পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: NDA-র শরিক হতে চায় ২০ তৃণমূল সাংসদ, লোকসভার স্পিকারকে চিঠি

না বললেই নয়, ভোটের আগে কমিশনের নির্দেশে রাজ্যে একাধিক পুলিশের জায়গা বদল হয়েছিল। সেই সূত্র ধরে সোমবার ফের ঘটল পুলিশে রদবদল। এবার রাজ্যের মোট ১৭৯ জন আইপিএস বদলির বিজ্ঞপ্তি জারি করে ফেলেছে নবান্ন। পাশাপাশি ১২টি পুলিশ জেলার এসপি বদল হচ্ছে। আর একাধিক পুলিশ সুপারকেও বদলি করানো হচ্ছে। তালিকায় পূর্ব বর্ধমান, ডায়মন্ডহারবার, জলপাইগুড়ি, বারাসাত, দক্ষিণ দিনাজপুর, হাওড়া, পুরুলিয়া, হুগলি ইত্যাদি জেলার এসপি-রা রয়েছেন। তবে তার মধ্যেই অতিরিক্ত ছুটির ঘোষণা যে পুলিশ কর্মচারীদের খুশি আরও দ্বিগুণ করল তা বলার অপেক্ষা রাখে না।