প্রীতি পোদ্দার, কলকাতা: সবে মাত্র কেটেছে দুর্গাপুজো, ৫টা দিন হই হুল্লোড় করে খাওয়াদাওয়া করে দেদার চলেছে সকলের। কিন্তু এখন সমস্যা ওজন কমানো (Weight Loss Tips) নিয়ে। তাই সেক্ষেত্রে স্বাস্থ্যসচেতন বাঙালির মন জয় করে নিয়েছে এই চিয়া সিডস (Chia Seeds)। রোগা হওয়ার কথা ভাবলেই প্রথমেই এটার কথাই মাথায় আসে। তবে অনেকেই খাবার পদ্ধতি জানে না। তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়া যাক।
চিয়া সিডসেই ঝরবে ওজন
পুষ্টিবিদদের মতে, চিয়া সিডসের সবচেয়ে বড় শক্তি হল এর ফাইবার। জলে ভিজিয়ে রাখলে বীজগুলো ফুলে জেলির মতো আকার নেয়, যা পাকস্থলীতে গিয়ে দীর্ঘক্ষণ পেট ভরে রাখে। এর ফলে ঘন ঘন খিদে পায় না, অকারণে কিছু খাওয়ার প্রবণতাও কমে। তবে দেহের ওজন ঝরানোর সঙ্গে চিয়া সিডসের প্রত্যক্ষ কোনও যোগ না থাকলেও পরোক্ষ সংযোগ অবশ্যই আছে। তবে দিনের যে কোনও সময় ইচ্ছামতো চিয়া সিডস খেলে, আদতে কোন লাভ হবে না। সঠিক সময়ে সঠিকভাবে খেতে হয়।
কখন খাওয়া উচিত চিয়া সিডস
- চিয়া সিডস খাওয়ার সবচেয়ে ভাল সময় হল সকালে খাবার খাওয়ার ৩০ মিনিট আগে। এতে দ্রুত পেট ভরে যায়। দই, ওটমিল, স্যালাড, স্মুদির সঙ্গে মিশিয়ে চিয়া সিডস বিভিন্নভাবে খাওয়া যায়। তবে প্রতিদিন ১-২ টেবিল চামচের বেশি নেওয়া ঠিক নয়। কারণ অতিরিক্ত ফাইবার হজমজনিত সমস্যা তৈরি করতে পারে।
- জিমে যাওয়ার আগে চিয়া সিডস খেলে শরীরে বাড়তি শক্তি পাওয়া যাবে। বাড়িতে ব্যায়াম করলে শুরুতে চিয়া সিডস খেয়ে নিলে ভাল হয়। তাতে এনার্জি যেমন বাড়ে ঠিক তেমনই শরীরচর্চা করার উদ্দীপনা বাড়ে। এতে সারাদিন চাঙ্গা থাকবে শরীর। তবে যাদের কিডনির সমস্যা রয়েছে বা রক্ত পাতলা করার ওষুধ খান তাদের চিয়া সিডস নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
আরও পড়ুন: কোজাগরী লক্ষ্মীপুজোর দিন ভুলেও এসব জায়গায় আঁকবেন না আলপনা, বাড়বে বিপদ
অনেকে ভুল করে চিয়া সিডস শুকনো অবস্থায় খেয়ে থাকেন, যা মুখের ভেতর ভিজে দ্রুত ফুলে গিয়ে গলার অংশে আটকে যেতে পারে। যা শরীরের পক্ষে ক্ষতিকর। এছাড়া চিয়া সিডস খাওয়ার সঙ্গে জল কম খেলে পেট ফাঁপা, গ্যাস বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই অবশ্যই শরীরের কথা মাথায় রেখে চিয়া সিডস খাওয়া জরুরি।










