প্রীতি পোদ্দার, কলকাতা: অফিস টাইমে মিলছে না সরকারি বাস! রাজ্যে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা (Free Bus Service) চালু হওয়ার পরে ব্যাপক অভিযোগ উঠে আসছে বিভিন্ন রুট থেকে। তাই এবার যাত্রী দুর্ভোগ কমাতে ও সরকারি পরিষেবার স্বার্থে নির্দিষ্ট রুটে বাস বাড়ানোর সিদ্ধান্ত নিল পরিবহণ দপ্তর (Transport Department Increase Buses)। কোথায় কোথায় বাড়ানো হল বাস জেনে নিন বিস্তারিত।
মিলছে না সঠিক পরিষেবা
বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসতেই প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রা শুরু করেছে গত ১ জুন থেকেই। নির্দিষ্ট পরিচয়পত্র দেখিয়ে টিকিট কাটতে হলেও, পয়সা দিতে হচ্ছে না পশ্চিমবঙ্গের মহিলাদের। কিন্তু এর মধ্যেই বড় সমস্যা দেখা গেল। দেখা যাচ্ছে, বেশ কয়েকটি রুটে সরকারি বাস পরিষেবা চালু হওয়ার পরে ব্যাপক ভিড় হচ্ছে। অনেকেই যেমন ঠিকঠাক ভাবে বসার সিট পাচ্ছে না ঠিক তেমনই আবার অনেকেই বাস সীমিত থাকায় পাচ্ছে না পরিষেবা।
মহিলা যাত্রীদের অভিযোগ, অনেক সময় দেখা যায় সরকারি বাসের কন্ডাক্টর ও চালকদের একাংশ বাস স্টপে মহিলা যাত্রীদের অপেক্ষা করতে দেখলেও বাস থামাচ্ছে না। যেহেতু মহিলাদের ফ্রি তে পরিষেবা দেওয়া হচ্ছে। এই নিয়ে ব্যাপক অভিযোগ উঠে এসেছে পরিবহন দপ্তরে। তাই সেই সকল অভিযোগ, অসুবিধার কথা মাথায় রেখে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। বাড়ানো হতে চলেছে সরকারি বাসের সংখ্যা।
এই রুটগুলোতে বাড়ানো হল বাসের সংখ্যা
পরিবহন দপ্তরের তরফে কিছুদিন আগে সরকারি বাস চলে এমন বেশ কয়েকটি রুটে সমীক্ষা চালিয়েছিল। মূলত, সরকারি বাসের তুলনায় যাত্রী অনেক বেশি থাকে কোন কোন রুটে তা দেখার জন্য এই সমীক্ষা। এবার সেই সমীক্ষার ভিত্তিতে কলকাতার ১৪টি রুটে বাড়ানো হচ্ছে বাসের সংখ্যা। সূত্রের খবর, উল্টোডাঙা- ইকো স্পেস, উল্টোডাঙা- সেক্টর ফাইভ, উল্টোডাঙা-রুবি, ইকো পার্ক-হাওড়া স্টেশন, যাদবপুর- করুণাময়ী, রথতলা- হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন- গড়িয়া, হাওড়া স্টেশন – বিমানবন্দর, রুবি- হাওড়া এই রুটগুলোতে বাসের সংখ্যা বাড়তে চলেছে। এছাড়াও সব পরিবহণ নিগমকে স্পষ্ট জানানো হয়েছে, মহিলাদের বসে উঠতে যেন কোনো অসুবিধা না হয়।
আরও পড়ুন: তার বক্তৃতার ভিডিও বিকৃত করে ভাইরাল করার অভিযোগ, হাইকোর্টে দীপ্সিতা ধর
প্রসঙ্গত, বর্তমানে রাজ্যের পাঁচটি পরিবহণ নিগমের অধীনে ৩৬৮টি রুটে মোট ১,৭৮৩টি সরকারি বাস চলাচল করছে। পাশাপাশি আগামী ছয় মাসের মধ্যে আরও ৫০টি বৈদ্যুতিক বাস রাস্তায় নামানোর পরিকল্পনাও রয়েছে। ফ্রি-তে বাস যাত্রার এই নতুন নিয়মের ফলে সাধারণ মানুষের যাতায়াতের খরচ এক ধাক্কায় অনেকটাই কমে যাবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এমনকি নিত্যযাত্রী মহিলা এবং কলেজ ছাত্রীদের যাতায়াতের মাসিক খরচ একেবারে শূন্যে নেমে আসবে, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির কাছে ব্যাপক স্বস্তির।










