নতুন অফবিট ডেস্টিনেশন খুঁজছেন? তাহলে এই শীতে ঘুরে আসুন লুনসেল

Published:

সহেলি মিত্র, কলকাতা: কথাতেই আছে বাঙালির পায়ের তলায় সর্ষে ফুল। এদিকে শীতকাল আসছে, আর এই সময়ে কোথাও ঘুরতে না গেলে মনটা কেমন যেন খারাপ হয়ে যায়। আপনিও কি এই শীতে আরও একটু শীতকালীন জায়গায় যেতে চাইছেন? কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? তাহলে আপনার এবারের অফবিট ভ্রমণের তালিকায় রাখতে পারেন লুনসেল (Lungsel)। নিশ্চয়ই ভাবছেন কোথায় এই জায়গা? চলুন সেটা আরও বিস্তারিত জেনে নেবেন।

শীতকালে এবার গন্তব্য হোক অফবিট লুনসেল

কালিম্পংয়ের নতুন অফবিট (Offbeat Kalimpong) ঠিকানা হল এই লুনসেল। সবুজ পাহাড় আর ঝর্ণার মাঝে আপনার দিনগুলি কীভাবে কেটে যাবে ভাবতেও পারবেন না।  একসময় কালিম্পং বেড়াতে গেলে পর্যটকদের ভ্রমণতালিকায় থাকত লাভা, লোলেগাঁওয়ের মতো জনপ্রিয় জায়গা। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই তালিকায় যুক্ত হয়েছে নতুন নতুন অফবিট ঠিকানা। তেমনই এক নিরিবিলি পাহাড়ি গ্রাম হল এই লুনসেল। চারদিকে সবুজ পাহাড়, ঘন জঙ্গল আর ঝরনার মনোরম পরিবেশে কয়েকটা দিন কাটাতে চাইলে এই জায়গা হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও পাহাড়ের কোলে অবস্থিত লুনসেল আপনাকে দিতে পারে শান্ত, স্নিগ্ধ পরিবেশের স্বাদ।

কালিম্পং জেলার গরুবাথান অঞ্চলে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামটি মালবাজার থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে। লুনসেল মূলত আপার ও লোয়ার—এই দুই ভাগে বিভক্ত। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে যাঁরা ভালোবাসেন, তাঁদের জন্য জায়গাটি বিশেষ আকর্ষণীয় হতে পারে। এখানে বেড়াতে গেলে জনপ্রিয় পর্যটনকেন্দ্রের ভিড় এড়িয়ে পাহাড়ি গ্রামের নিজস্ব সৌন্দর্য উপভোগ করার সুযোগ মিলবে।

কী কী দেখবেন?

লুনসেলের প্রধান আকর্ষণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও নির্জন পরিবেশ। পাহাড়ি গ্রাম ঘুরে দেখা, সবুজে ঘেরা পথ ধরে হাঁটা, চারপাশের দৃশ্য উপভোগ করা কিংবা ব্যস্ত জীবন থেকে কিছুটা বিরতি নেওয়া—সব মিলিয়ে জায়গাটি প্রকৃতিপ্রেমীদের জন্য উপযুক্ত। দু’দিনের ছুটিতে এখানে এলে একদিন গ্রামের পরিবেশ ও আশপাশের প্রকৃতি ঘুরে দেখার জন্য রাখা যেতে পারে।লুনসেলের পরবর্তী অংশে পিচের রাস্তা না থাকলেও আশপাশে রয়েছে আরও কিছু পাহাড়ি গ্রাম ও প্রাকৃতিক এলাকা। হাতে সময় থাকলে স্থানীয়দের পরামর্শ নিয়ে সেগুলি ঘুরে দেখতে পারেন।

আরও পড়ুনঃ রেশনে প্রতি সপ্তাহে মিলবে চাল, ডাল, তেল, সোয়াবিন! কারা পাবেন? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কীভাবে যাবেন?

লুনসেল পৌঁছনোর জন্য রয়েছে একাধিক রাস্তা। আপনি চাইলে ঝান্ডি হয়ে যেতে পারেন। আবার ওদলাবাড়ি হয়েও পৌঁছে যেতে পারেন এই পাহাড়ি গ্রামে। ওদলাবাড়ি হয়ে যাওয়ার অন্যতম আকর্ষণ হল রাস্তার দু’পাশে ছড়িয়ে থাকা সুন্দর চা-বাগান। এছাড়াও ট্রেনে গেলে নিউ মাল জংশনে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে নেওয়া যেতে পারে। মালবাজার ও ওদলাবাড়ি হয়ে লুনসেলের দিকে এগোলে পথে পড়বে পাথরঝোড়া ও মানজিংয়ের মতো জায়গা।

google button