বিক্রম ব্যানার্জী, কলকাতার: রাজ্যে পালাবদল হতেই দ্রুত গতিতে এগোচ্ছে শহর কলকাতার আনাচে কানাচে আটকে থাকা মেট্রো (Kolkata Metro) প্রকল্পের কাজ। কিছুদিন আগেই চিংড়িঘাটায় ট্রাফিক ব্লক করে 366 মিটার অংশের কাজ শেষ করেছে মেট্রোরেল। তারপরই বেলেঘাটা মেট্রো স্টেশনের ওভারব্রিজ তৈরির কাজে মন দিয়েছে কর্তৃপক্ষ। এবার সেই পথ ধরেই শহর কলকাতার আরও এক মেট্রো প্রকল্পের কাজে এল গতি।
শহরের আরও এক মেট্রো প্রকল্পের কাজ শুরু হতে চলেছে
বিগত বেশ কিছু বছর ধরে জোকা থেকে ডায়মন্ড হারবার পার্ক মেট্রোর প্রথম পর্যায়ের কাজ শুরু করার পরিকল্পনা চলছিল। যদিও নানান আইনি জটিলতা এবং পূর্বতন সরকারের অসহযোগিতার কারণেই আটকে ছিল এই কাজ! তবে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই এবার জোকা থেকে ডায়মন্ড হারবার পার্ক পর্যন্ত মেট্রো প্রকল্পে একপ্রকার জোয়ার আসতে চলেছে।
জানা যাচ্ছে, জোকা থেকে সরাসরি ডায়মন্ড হারবার পার্ক পর্যন্ত মেট্রো সম্প্রসারণের লক্ষ্যে এবার পাকাপাকিভাবে জমি অধিগ্রহণের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রেলমন্ত্রক। ওই গেজেট বিজ্ঞপ্তিতে একেবারে স্পষ্ট করে জানানো হয়েছে, জোকা-ডায়মন্ড হারবার পার্ক রুটে মেট্রোর লাইন সম্প্রসারণের লক্ষ্যে জোকা, হাঁসপুকুরিয়া এবং সারমাস্টারচক জুড়ে সর্বসাকুল্যে 5,871 বর্গমিটার জমি অধিগ্রহণ করা হবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, মেট্রোর এই প্রকল্পের অ্যালটমেন্ট ম্যাপগুলি এই মুহূর্তে রাজবিহারী অ্যাভিনিউর অফিসে রয়েছে। সেখানে গিয়ে চাইলে সেগুলি দেখতে পারবেন সাধারণ মানুষ।
এদিকে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে আগামী 21 দিনের মধ্যে মেট্রোরেল কর্তৃক অধিকৃত জমির মালিকদের তাঁদের অভিযোগ জানাতে হবে। সেই আপত্তি তারা লিখিত আকারে দায়ের করতে পারবেন। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে জমির উপযুক্ত মালিককে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে।
অবশ্যই পড়ুন: আফগানিস্তানকে বিরাট ব্যবধানে হারালেও বাংলাদেশের পিছনেই ভারত!
প্রসঙ্গত, দিনের পর দিন ধরে আটকে থাকা জোকা মেট্রো রুটের এই কাজ একবার শুরু হয়ে গেলে ধাপে ধাপে তা শেষ হতে বেশ খানিকটা সময় লাগবে ঠিকই, তবে এই মেট্রো পরিষেবা চালু হওয়ার পর জোকা থেকে ডায়মন্ড হারবার পার্ক রুটে অনেকটাই কষ্ট কমবে যাত্রীদের।










