পুজো কাটতেই ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা রাজ্যে! কবে থেকে শুরু হবে বৃষ্টি? আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ বিজয়া দশমী। উমার বিদায় বেলায় রাজ্যজুড়ে অনুকূল আবহাওয়া থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এমনকি আগামীকাল (Weather Tomorrow) একাদশীর দিনও শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। যদিও প্রথম সপ্তমীর সন্ধ্যায় ব্যাপক খারাপ অবস্থা হয়েছিল কলকাতায়। বিপর্যয় নেমে এসেছিল চোরবাগানের মণ্ডপে। প্রাণ গিয়েছে ১৯ জন দর্শনার্থীর। তবে বাকি দিনগুলোতে আর বৃষ্টি হয়নি কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal)। কিন্তু এবার ফের ঘূর্ণাবর্তের আশঙ্কার কথা শোনাল হাওয়া অফিস।

আজকের আবহাওয়া

আজ, বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়তেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। সারাদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। রাতের দিকে তাপমাত্রার কমার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার একাদশীর দিন সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে কলকাতার সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায়। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। অন্যদিকে আগামী শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই নিম্নচাপটি শেষ পর্যন্ত কোনও শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, সে নিয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন: নবমীতে কালিয়া, দশমীতে খাসির মাংস, পুজোয় রোগীদের জন্য এলাহী আয়োজন বর্ধমান মেডিকেল কলেজে

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামীকাল বৃহস্পতিবার, শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দ্বাদশী পর্যন্ত মূলত পরিষ্কার আকাশ থাকবে উত্তরের জেলাগুলিতে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে দ্বাদশী থেকে দার্জিলিং, কালিম্পং, কর্শিয়াং-এ বৃষ্টি হলেও হতে পারে।

google button