বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ঠিক আগে হর্ষিত রানার বিকল্প খুঁজে নিল কলকাতা নাইট রাইডার্স (Harshit Rana)। জানা যাচ্ছে, এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতায় রানার বদলি হয়ে খেলবেন নবদীপ সাইনি। মাত্র 75 লাখ টাকার বিনিময় তাঁকে দলে নিয়েছে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। যদিও রানার বিকল্প হওয়ার দৌরে এগিয়েছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার। বিশেষ করে নাম উঠেছিল আকাশ মাধোয়ালের। তবে শেষ পর্যন্ত গুজরাতের ক্রিকেটারকে বেছে নিল কলকাতা।
আনুষ্ঠানিক ঘোষণা করে দিয়েছে KKR
বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পরই একের পর এক বোলারদের নিয়ে গাড্ডায় পড়তে হয়েছে কলকাতাকে। রানার চোটের পর চোট পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যান 18 কোটির মাথিশা পাথিরানা। এরপর চোটের কারণে রানা গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না সেই খবর পায় কলকাতা নাইট রাইডার্স। সেই তালিকায় নাম জুড়ে যায় বাংলার পেসার আকাশ দীপের। সব মিলিয়ে চোট নিয়ে একেবারে জর্জরিত সোনালী বেগুনি ম্যানেজমেন্ট। ঠিক সেই সময় রানার পরিবর্ত হতে নাইট শিবিরে অনুশীলন করেছিলেন বেশ কয়েকজন খেলোয়াড়।
প্রথমদিকে শোনা গিয়েছিল, ভারতীয় তারকার পরিবর্ত হতে পারেন আকাশ। জোর কদমে অনুশীলন করতে দেখা গিয়েছিল তাঁকেও। এছাড়াও তালিকায় ছিলেন সন্দীপ ওয়ারিয়র, কেএম আসিফের মতো প্লেয়ারও। তবে শেষ পর্যন্ত 32টি IPL খেলে 23 উইকেট নেওয়া নবদীপকেই বেছে নিল কলকাতা নাইট রাইডার্স। নতুন বোলারকে দলে নেওয়ার খবর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে KKR। এখন দেখার রানার বদলি হিসেবে বল হাতে কতটা নিজেকে মেলে ধরতে পারেন তিনি।
অবশ্যই পড়ুন: দু’দিনে দাম বাড়ল ১০ হাজার, সোনা-রুপো নিয়ে ফের হতাশার খবর
KKR এ যোগ দিয়ে কী জানালেন নবদীপ?
KKR এ খেলতে পারবেন জেনে যথেষ্ট উচ্ছ্বসিত গুজরাতের পেসার। নবদীপ জানালেন, “কলকাতা নাইট রাইডার্স এর মতো দলে খেলাটা গর্বের বিষয়। আমি KKR ক্রিকেটার। এটা বললেই একটা আলাদা অনুভূতি পাই। নাইট রাইডার্স হতে পেড়ে অত্যন্ত ভাল লাগছে।” এদিন নাইট তারকা এও বললেন, বিগত বছরগুলিতে যথেষ্ট ওঠাপড়ার মধ্য দিয়ে যেতে হয়েছিল তাঁকে। তবে এবছর কলকাতার জার্সিতে মূল স্রোতে ফিরতে চান তিনি। বলে রাখা প্রয়োজন, ভারতীয় দলে খেলেছেন নবদীপ। 2019 এ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই খেলেছেন তিনি।












