১০ দিনে তিনবার, ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হল রেট?

Published:

Petrol And Diesel Price Hike

সৌভিক মুখার্জী, কলকাতা: এই নিয়ে ১০ দিনের মধ্যে তিনবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম (Petrol And Diesel Price Hike)। অনেকটাই মহার্ঘ হল জ্বালানির দাম। সূত্রের খবর, এবার কলকাতায় (Kolkata) প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে ৯৪ পয়সা আর প্রতি লিটার ডিজেলের দাম বেড়েছে ৯৫ পয়সা। ফলত শনিবার থেকেই এক লিটার পেট্রোল কিনতে গেলে খরচ করতে হবে ১১০ টাকা ৬৪ পয়সা। ওদিকে এক লিটার ডিজেলের দাম হয়েছে ৯৭ টাকা ২ পয়সা।

পেট্রোল-ডিজেলের দাম ঊর্ধ্বগতি

আজ কলকাতার পাশাপাশি দেশের অন্যান্য শহরেও পেট্রোল-ডিজেলের দাম অনেকটাই বেড়েছে। নয়া দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৮৭ পয়সা বেড়েছে আর প্রতি লিটার ডিজেলের দাম বেড়েছে ৯১ পয়সা। যার ফলে দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ৫১ পয়সা আর ডিজেলের দাম ৯২ টাকা ৪৯ পয়সা। এ নিয়ে গত ১০ দিনের মধ্যে তিনবার মহার্ঘ হল পেট্রোলের দাম। গত ১৯ মে ৯০ পয়সা পেট্রোলের দাম বাড়ানো হয়েছিল। আর আজ ৮৭ পয়সা বাড়ানোর ফলে গত ১০ দিনে ৫ টাকার বেশি দাম বেড়েছে পেট্রোলের।

আসলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ব্রেন্ট ক্রুডের দাম ঊর্ধ্বগতি হওয়ায় পেট্রোল-ডিজেলের দাম দিনের পর দিন আকাশ ছুঁচ্ছে। ইতিমধ্যেই দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের জন্য সতর্কবার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি এক বছর সোনা না কেনার পরামর্শ দিয়েছিলেন, আর বিদেশ সফরেও নিষেধাজ্ঞা জারি করেছিলেন। আর যেহেতু ভারতকে তার সিংহভাগ জ্বালানি বিদেশ থেকে আমদানি করতে হয়, কিন্তু হরমুজ প্রণালিতে অনিশ্চয়তার কারণে সেই সরবরাহে সমস্যা হচ্ছে। সেই কারণেই ঊর্ধ্বগতি পেট্রোল-ডিজেলের বাজার দর।

আরও পড়ুন: ২০২৬-এ রথযাত্রা কত তারিখে? জানুন দিনক্ষণ, সময়সূচি ও মাহাত্ম্য

বেড়েছে সিএনজির দাম

উল্লেখ্য, দিল্লিতে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজির দাম অনেকটাই বেড়েছে। এবার প্রতি কেজিতে ১ টাকা করে বেড়েছে সিএনজির দাম। যার ফলে অটো গ্যাসের দাম ঊর্ধ্বগতি, এবং এর ফলে অটো ভাড়াও যে বৃদ্ধি পাবে তা বলার অপেক্ষা রাখে না। তবে কলকাতায় এখনও পর্যন্ত সিএনজির দাম বৃদ্ধির বিষয়ে কোনও খবর মেলেনি। যদিও নয়ডা, গাজিয়াবাদে ১৫ মে-র পর এই নিয়ে তিনবার সিএনজির দাম বাড়ল। এখন দেখার, কলকাতায় কী হয়।