বিক্রম ব্যানার্জী, কলকাতা: যুদ্ধবিরতির পরিস্থিতিতে হঠাৎ লাফিয়ে বাড়ছে ভারতীয় সংস্থা আদানি গ্রুপের (Adani Group Stocks) কয়েকটি স্টকের দাম। আসলে মার্কিন সিকিউরিটিজ নিয়ন্ত্রক সংস্থার মামলা খারিজ করতে প্রাক আবেদন সম্মেলনের অনুরোধ জানিয়ে গৌতম আদানি এবং তাঁর ভাগ্নে সাগর আদানির করা একটি পিটিশন গ্রহণ করেছে আমেরিকার আদালত। আর সেই তথ্য প্রকাশ্যে আসতেই আদানির কয়েকটি স্টকের দাম একেবারে তরতড়িয়ে বেড়েছে। আজকের প্রতিবেদনে রইল সেই সব স্টকের তালিকা।
আদানি গ্রুপের এই স্টকগুলির দাম ঝড়ের গতিতে বাড়ছে!
মার্কিন আদালত গৌতম আদানিদের পিটিশন গ্রহণ করার পরই আদানি গ্রুপের মালিকানাধীন সংস্থা আদানি গ্রিন এনার্জি এবং আদানি টোটাল গ্যাসের স্টকের দাম 13 শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে আদানি গোষ্ঠীর ফ্ল্যাগশিপ সংস্থা আদানি এন্টারপ্রাইজের স্টকের দাম বেড়েছে কমপক্ষে 11 শতাংশ পর্যন্ত। এদিকে আম্বুজা সিমেন্ট এবং আদানি এনার্জি সলিউশনের শেয়ারের দাম 10 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
অবশ্যই পড়ুন: হুগলীতে বিজেপি ছেড়ে তৃণমূলের পথে বড় নেতা, অসংখ্য কর্মী! সুবিধা হবে দেবাংশুর?
অন্যদিকে আদানি গ্রুপের আদানি স্পোর্টস, আদানি পাওয়ার এবং এসিসি লিমিটেডের শেয়ারের দাম 6 থেকে 8 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সাথে এনডিটিভির স্টকের দাম বেড়েছে 12 শতাংশ পর্যন্ত। বিশেষজ্ঞদের বেশিরভাগেরই দাবি, আদানি গ্রুপের স্টক বা শেয়ার গুলির দাম শুধুই মার্কিন আদালতের সিদ্ধান্তের কারণে বাড়েনি বরং বৈশ্বিক পরিস্থিতি অর্থাৎ ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ বিরতির কারণেও ভারতের বাজার আবার আগের অবস্থায় ফিরছে। সে কারণেই বেড়েছে আদানির সংস্থাগুলির শেয়ারের দাম। তাতে ভাগ্য ফিরছে বিনিয়োগকারীদের।
প্রসঙ্গত, মার্কিন আদালত শুধুমাত্র পিটিশন জমা নেওয়ায় আদানি গ্রুপের কমবেশি প্রতিটি স্টকের দাম লাফিয়ে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আদালত যদি মার্কিন সিকিউরিটিজ নিয়ন্ত্রক সংস্থার মামলা খারিজ করে দেয় সেক্ষেত্রে গৌতম আদানির সংস্থাগুলির স্টকের দাম আরও বেড়ে যাবে।












