“আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে!” কী বোঝাতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Published:

Mamata Banerjee

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে আজ অর্থাৎ রবিবার বঙ্গে প্রচার সারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিকে নিজের দলকে জেতাতে প্রচারে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। হাইভোল্টেজ রবিবারে খণ্ডঘোষের সভা থেকে বিজেপিকে একেবারে এক হাত নিলেন মমতা। মুখ খুললেন গেরুয়া শিবিরের প্ল্যান নিয়ে। বললেন, “আজ মধ্যরাত থেকেই অপারেশন শুরু হবে…”

কোন অপারেশনের কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

বিধানসভা নির্বাচনের আগে জোড় কদমে প্রচার চালাচ্ছেন মমতা। এদিকে বাংলায় একেবারে ঘাঁটি গেড়ে বসেছে বিজেপির দিল্লির নেতারাও। বাংলায় আসা যাওয়া লেগেই রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। যদিও কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন, নির্বাচনের আগে টানা 15 দিন এ বঙ্গেই থাকবেন তিনি। একই সাথে বিজেপি সরকারের প্রধান তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিগত দিনগুলিতে সব ফেলে বাংলায় প্রচার চালাচ্ছেন। চেষ্টা করছেন বঙ্গের আমজনতার সাথে গভীর সম্পর্ক স্থাপনের।

রবিবারও বাংলায় রয়েছেন প্রধানমন্ত্রী। এদিন উপরি পাওনা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেই বিজেপির হয়ে প্রচার করতে এসেছেন যোগী আদিত্যনাথও। আর সেসব ঘটনাকে সামনে রেখেই খণ্ডঘোষের সভা থেকে গেরুয়া নেতৃত্বকে একেবারে তুলোধোনা করলেন মমতা। তৃণমূল সুপ্রিমো বললেন, “ভোটের মেশিন খুব সাবধানে রাখতে হবে… এদের অনেক প্ল্যান। স্লো ভোটিং, স্লো কাউন্টিং.. প্রথমে দেখাবে বিজেপি জিতছে। আপনারা বুঝতেই পারছেন না আমাদের কাদের সঙ্গে লড়াই করতে হচ্ছে। ওরা চেষ্টা করছে যাতে গ্রেফতার করা যায়।”

অবশ্যই পড়ুন: “আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে!” কী বোঝাতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

মমতার সংযোজন, “টেক কেয়ার, আপনারা বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে। শুনতে পেলাম। আমরাও খবর পাই।” তৃণমূল নেত্রীর বক্তব্য ছিল, “ভোটের সময় মনে রাখতে হবে সবটাই নির্বাচন কমিশনের আন্ডারে। আমাদের হাতে কিন্তু কিছু নেই। তবে আমি বলব ভোটের পর মাত্র 15 থেকে 21 দিন আপনারা ভাল করে পাহাড়া দিন। তারপর সবটা বুঝে নেব। লড়ে নেব। আমরা জিতছি এবং জিতবো।”এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন অপারেশনের কথা বললেন তা জানা যায়নি।