সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগকারীদের জন্য বিরাট চমক দিতে চলেছে দেশের বৃহত্তম বিমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি (Life Insurance Corporation)। ২০২২ সালে শেয়ারবাজারে (Stock Market) পা রাখার পর এই প্রথমবার শেয়ার হোল্ডারদের বোনাস শেয়ার দেওয়ার কথা ঘোষণা করল সংস্থা। হ্যাঁ, আগামী ১৩ এপ্রিল এলআইসির বোর্ড অফ ডিরেক্টরদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেখানে এই প্রস্তাব নিয়ে চূড়ান্ত আলোচনা করা হবে বলে খবর।
কী এই বোনাস শেয়ার?
সহজ ভাষায় বলতে গেলে, বোনাস শেয়ার মানে হল ফ্রি বা বিনামূল্যের শেয়ার। যখন কোনও কোম্পানি তাদের সঞ্চিত লভ্যাংশ বা ডিভিডেন্ট সরাসরি বিনিয়োগকারীদের মধ্যে বিলিয়ে দিতে চায়, তখনই তারা অতিরিক্ত শেয়ার ইস্যু করে থাকে। সেক্ষেত্রে শেয়ার হোল্ডারদের কোনওরকম বাড়তি টাকা খরচ করতে হয় না, অথচ তাদের কাছে থাকা শেয়ারের সংখ্যা অটোমেটিক বেড়ে যায়। তবে এর ফলে কোম্পানির ক্যাপিটাল বা মূলধন কিছুটা বৃদ্ধি পায়।
কারা পাবে এই সুবিধা?
এলআইসি জানাচ্ছে, বোনাস শেয়ার পাওয়ার জন্য একটি রেকর্ড ডেট ঠিক করা হবে, যেটি ১৩ এপ্রিলের বৈঠকের পর জানা যেতে পারে। শুধুমাত্র সেই তারিখের আগে যাদের পোর্টফোলিওতে এলআইসির শেয়ার থাকবে, তারাই এই বোনাসের সুবিধা উপভোগ করতে পারবে বলে স্পষ্ট জানানো হয়েছে।
বলে রাখি, বর্তমানে এলআইসির প্রায় ৯৬.৫ শতাংশ মালিকানা ভারত সরকারের হাতে। আর বাকি অংশের মধ্যে ডিসেম্বর মাস পর্যন্ত প্রায় ২১ লক্ষ খুচরা বিনিয়োগকারী এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, যাদের বিনিয়োগ আনুমানিক ২ লক্ষ টাকার কম। আর দীর্ঘ সময় ধরে কেবলমাত্র ডিভিডেন্ট বা লভ্যাংশের উপর ভরসা করে থাকা এই বিনিয়োগকারীদের জন্য বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা যে নিশ্চিতভাবে বিরাট চমক হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। এখন আগামীকাল অর্থাৎ ১৩ এপ্রিল এ বিষয়ে বিস্তারিত জানাবে এলআইসি।
আরও পড়ুন: অফিসে একটানা মহিলা সহকর্মীর স্তনের দিকে তাকানো অপরাধ নয়! জানাল হাইকোর্ট
হু হু করে বাড়ছে এলআইসির শেয়ারের দাম
এদিকে বোনাস দেওয়ার ঘোষণা সামনে আসতেই বুধবার বাজার খোলার পর এলআইসির শেয়ারে প্রায় ৬ শতাংশ ঊর্ধ্বগতি দেখা যায়। মঙ্গলবার বাজার বন্ধের সময় শেয়ারের দাম ছিল ৭৪০.৫০ টাকা। তবে বোনাস শেয়ারের প্রত্যাশায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। উল্লেখ্য, ২০২৬-এর শুরু থেকে এখনও পর্যন্ত এই স্টকের দামে প্রায় ৮ শতাংশ পতন লক্ষ্য করে গিয়েছে। কিন্তু এই বোনাস শেয়ার যে আবারও কোম্পানিকে ঘুরে দাঁড় করাবে তা বলার অপেক্ষা রাখে না।












