বিক্রম ব্যানার্জী, কলকাতা: “সোমবার সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম।” শেয়ার বাজার (Stock Market) ধাক্কা খেতেই বোধহয় এমন কথাই আউরেছিলেন বিনিয়োগকারীরা। আজ বাজার যে হারে পড়েছে তাতে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের একটা বড় অংশের। সেনসেক্স থেকে নিফটি50 সবেতেই দেখা গেছে ভারী পতন। সোমবার সকাল পর্যন্ত শেয়ার বাজারের বেহাল অবস্থার কারণে 8 লক্ষ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তবে এই খারাপ পরিস্থিতির মধ্যেও ভারতীয় সংস্থা TATA-র একটি শেয়ারের (Tata Share) দাম লাফিয়ে বেড়েছে। তাতে পকেট ভরেছে অনেকেরই।
বাজারের পতন উপেক্ষা করে মাথা তুলল TATA-র এই শেয়ার
সোমবার ভারতীয় শেয়ার বাজারে ব্যাপক পতন দেখা গেলেও ভারতীয় সংস্থা TATA-র মালিকানাধীন কোম্পানি টাটা কেমিক্যালসের শেয়ারের দাম আচমকা অনেকটাই বেড়েছে। রিপোর্ট অনুযায়ী, বেলা গড়ানোর আগে পর্যন্ত এই সংস্থার শেয়ারের দাম এক ধাক্কায় 11 শতাংশ পর্যন্ত বেড়েছিল। যে কথা না বললেই নয়, বিগত কয়েকদিন ধরে এই শেয়ারের দাম ক্রমাগত বাড়ছে বই কমেনি। যা 2024 সালের মার্চ মাসের পর রেকর্ড।
গত 8 দিনের হিসেব করলে ভারতীয় সংস্থার TATA-র এই শেয়ারের দাম 32 শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বাজারের ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও কেন বাড়ছে TATA-র মালিকানাধীন সংস্থার শেয়ারের দাম? তা নিয়ে মুখ খুলেছেন কয়েকজন বাজার বিশেষজ্ঞ। কী বলছেন তাঁরা?
কেন বাড়ছে টাটা কেমিক্যালসের শেয়ারের দাম?
বাজার বিশেষজ্ঞদের দাবি, ভারতীয় সংস্থা TATA-র মালিকানাধীন টাটা ক্যামিকেলস সহ অন্যান্য শেয়ারের মূল্য বৃদ্ধির অন্যতম প্রধান কারণ টাটা সন্সের শেয়ার বাজারে তালিকাভুক্তির সম্ভাবনা। আসলে এই কোম্পানি খুব শীঘ্রই শেয়ার বাজারে জুড়তে চলেছে। বিগত দিনগুলিতে যত সেই সম্ভাবনা পরিষ্কার হয়েছে ততই বেড়েছে টাটা কেমিক্যালস সহ অন্যান্য সংস্থাগুলির শেয়ারের দাম। আসলে টাটা সন্স টাটা গ্রুপের প্রধান হোল্ডিং কোম্পানি।
অবশ্যই পড়ুন: ভুলে যান LPG, ইনডাকশন! জল দিয়েই রান্না হবে হাইড্রোজেন স্টোভে, দাম কেমন?
প্রসঙ্গত, বিশেষজ্ঞদের বক্তব্য টাটা ক্যামিকেলসের হাতে এই মুহূর্তে টাটা সন্স এর 10,237টি শেয়ার রয়েছে। যেগুলির মূল্য প্রায় 57 কোটি টাকা। আগামী দিনে যদি টাটা সন্স নিজেদের আইপিও চালু করে দেয় এবং শেয়ার বাজারে নাম লিখিয়ে ফেলে তবে টাটা কেমিক্যালসের হাতে থাকা এই শেয়ারগুলোর দাম এক লাফে অনেকটাই বাড়বে। এর ফলে যাঁরা টাটা কেমিক্যালসের শেয়ার ধরে রাখবেন তারা সরাসরি লাভবান হবেন। শেয়ার বাজারের পরিভাষায় যাকে বলে ভ্যালু আনলকিং। আর এই কারণেই বাজার বিশেষজ্ঞরা এই কোম্পানির স্টক বা শেয়ারে টাকা রাখার পরামর্শ দিচ্ছেন।












