বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে জনপ্রিয়তা ছুঁয়ে দেখেছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সম্প্রতি অনূর্ধ্ব 19 বিশ্বকাপে ভারতকে জিতিয়ে এসেছেন তিনি। বর্তমানে IPL এ রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট ঘোরাচ্ছেন এই খেলোয়াড়। যে ম্যাচে নামছেন সেটাকেই রাঙিয়ে দিচ্ছেন বৈভব। এমতাবস্থায়, বৈভবকে নিয়ে বিশেষজ্ঞদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। জানা যাচ্ছে, অবশেষে সূর্যকুমার যাদবদের দলে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য জায়গা পেতে পারেন সূর্যবংশী। এই সিরিজের জন্যই সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে তাঁকে।
ভারতীয় সিনিয়র দলে অবশেষে জায়গা পাচ্ছেন বৈভব?
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, আগামী 26 ও 28 জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। আর সেই আসরের জন্যই বৈভব সূর্যবংশীকে প্লেয়ারদের সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র দাবি করছে, আয়ারল্যান্ড সিরিজের জন্য নির্বাচন কমিটি এবং বোর্ড কর্তাদের বিবেচনায় রয়েছেন বৈভব। মূলত সে কারণেই বেশ কয়েকজন ক্রিকেটারের পাশাপাশি তাঁকেও আয়ারল্যান্ড সিরিজের সংক্ষিপ্ত তালিকায় জায়গা দিয়েছেন নির্বাচকরা। এখন দেখার শেষ পর্যন্ত অভিষেক শর্মাদের দলে বৈভবের জায়গা হয় কিনা।
অবশ্যই পড়ুন: পয়লা বৈশাখের আগে ফের দাম কমল সোনা, রুপোর! দেখুন আজকের রেট
সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব
কম বেশি সকলেই জানেন ভারতের জার্সিতে 16 বছর 205 দিন বয়সে অভিষেক হয়েছিল ক্রিকেটের ভগবান হিসেবে পরিচিত সচিন তেন্ডুলকরের। ভারতীয় হিসেবে এত কম বয়সে জাতীয় দলে পা রেখেছেন এমন উদাহরণ আর নেই বললেই চলে। সেক্ষেত্রে বৈভব যদি আয়ারল্যান্ড সিরিজে সিনিয়র টিম ইন্ডিয়ায় অভিষেক করে ফেলেন সেক্ষেত্রে 15 বছর বয়সকে পুঁজি করেই তিনি ভেঙে দেবেন সচিনের বড় রেকর্ড। বলে রাখা প্রয়োজন, নিজের আগ্রাসী ব্যাটিং দিয়ে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নজর কেড়েছেন বৈভব। একই সাথে BCCI এর প্রাক্তন কোষাধ্যক্ষ তথা IPL এর বর্তমান চেয়ারম্যান অরুণ ধুমলও তাঁর উপর আস্থা রেখেছেন।










