বিক্রম ব্যানার্জী, কলকাতা: “মুখে বড় বড় কথা.. কাজের বেলায় লবডঙ্কা!” চেন্নাই সুপার কিংসের কাছে KKR (Kolkata Knight Riders) বাজেভাবে হারতেই এক নাইট তারকাকে কার্যত নিশানা করেছেন KKR ভক্তদের একাংশ। তিনি আর কেউ নন বরং কলকাতার নতুন সদস্য নিউজিল্যান্ড তারকা ফিন অ্যালেন। আসলে ম্যাচের আগে দলের সতীর্থদের ধৈর্য ধরতে বলার পাশাপাশি মাত্র কয়েকটি ম্যাচ দেখে KKR প্লেয়ারদের বিচার না করার পরামর্শ দিয়েছিলেন তিনি। আর সেই বক্তব্যের পরও ব্যাট হাতে ডাহা ফেল করেন এই কিউই তারকা। আর তারপরেই তাঁকে একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন নাইট ভক্তদের একাংশ!
ঠিক কী বলেছিলেন ফিন অ্যালেন?
বিগত দিনগুলিতে যতবার মাঠে নেমেছে পাঞ্জাবের বাতিল হওয়া ম্যাচ ছাড়া প্রতিটিতেই হেরেছে কলকাতা নাইট রাইডার্স। দলের এরকম লাগাতার পরাজয় একেবারেই মেনে নিতে পারছেন না নাইট ভক্তরা। এমতবস্থায়, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামার আগে বড় মন্তব্য করেছিলেন নাইট তারকা ফিন অ্যালেন। কলকাতার এই ওপেনার বলেন, “এটা টি-টোয়েন্টি ক্রিকেট। এখানে অনেক কিছু হতে পারে। প্রতিটি ম্যাচ থেকে আমরা শিক্ষা নিচ্ছি। সবে তো গোটাদুয়েক ম্যাচ হয়েছে। এটুকু দেখেই বিচার করতে যাবেন না..”
অবশ্যই পড়ুন: ভরা ISL-র মাঝেই বিরাট ধাক্কা ইস্টবেঙ্গলে, ছিটকে গেলেন মহেশ
কিউই তারকার এমন বক্তব্যের পর অনেকেই মনে করেছিলেন হয়তো চেন্নাইয়ের ম্যাচে নিজে দায়িত্ব নিয়ে দলের জন্য রান করবেন অ্যালেন। তবে এদিন ব্যাট হাতে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামলেও মাত্র এক রান করে আউট হয়ে যান নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার। আর তারপরেই খেলোয়াড়কে তাঁর পুরনো মন্তব্য স্মরণ করিয়ে কার্যত ধুয়ে দিচ্ছেন ভক্তরা। কেউ কেউ বলছেন, “মুখে বড় বড় লেকচার দিলেই হয় না.. কাজেও করে দেখাতে হয়।” কেউ আবার বলছেন, “মুখে বড় বড় বাতেলা.. খেলতে তো পারে না..” সবমিলিয়ে, নিজের মন্তব্যে নিজেই আক্রান্ত নাইট তারকা।
উল্লেখ্য, মঙ্গলবার প্রথমে ব্যাট করতে নেমে 192 রান তোলে চেন্নাই সুপার কিংস। পরবর্তীতে 193 রানের লক্ষ্য তাড়া করতে নামে কলকাতা নাইট রাইডার্স। আর তারপরেই নিজেদের ব্যাটিং অর্ডারের ব্যর্থতা নিয়ে ডুবে যায় কলকাতা। এদিন নির্ধারিত সময়ে 160 রানের বেশি তুলতে পারেনি শাহরুখ খানের দল।










