সক্রিয় শক্তিশালী বজ্রবৃষ্টির সেল, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৩ জেলায়, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: তৈরী থাকুন, কারণ আবারও মেঘ-বৃষ্টির তাণ্ডবের সাক্ষী থাকতে চলেছে সমগ্র বাংলা বলে খবর। আজ মঙ্গলবার থেকে নতুন করে বাংলার জেলায় জেলায় প্রবল ঝড় বৃষ্টির (Weather Today) সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। যেহেতু শক্তিশালী বজ্রবৃষ্টির সেল সক্রিয় রয়েছে। সেইসঙ্গে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ  এবং মৌসুমী অক্ষরেখা রয়েছে, ফলে তুমুল দুর্যোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বৃষ্টি হলেও ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। মুক্তি কি মিলবে? চলুন জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান,হুগলি, হাওড়া জেলায়। এছাড়া বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত চলবে কলকাতা সহ বাংলার বাদবাকি জেলাগুলিতে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের কোনও জেলায় এখনও পর্যন্ত আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।

মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে শ্রী গঙ্গানগর, নারনৌল, মধ্য উত্তরপ্রদেশের উপর অবস্থিত নিম্নচাপ এলাকার কেন্দ্র, দেহরি, পুরুলিয়া, দীঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে পূর্ব-দক্ষিণপূর্বমুখী হয়ে বিস্তৃত রয়েছে। একটি ঘূর্ণাবর্ত পূর্ব-বিহার ও সংলগ্ন এলাকার উপর অবস্থান করছে এবং এটি মধ্য সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আপাতত উত্তরবঙ্গে জেলাগুলিতেও মহাদুর্যোগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণাবর্তের প্রভাবে এদিন ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে জলপাইগুড়ি,  আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আরও পড়ুনঃ রাজ্যের এইসব কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বুধবার কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? হাওয়া অফিসে পূর্বাভাস অনুযায়ী এদিন ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বলে খবর। উত্তরবঙ্গের কথা বললে, এদিন মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।