বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলা বৈশাখে, নববর্ষের শুভ লগ্নে ট্রফি জয়ের শপথ নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। বারপুজোর দিন ভবিষ্যতে নিজেদের উন্নতির শিখরে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছে মশাল ব্রিগেড। আর সেই দিনেই ইস্টবেঙ্গলের নতুন অধিনায়ক এবং সহ অধিনায়কের নাম ঘোষণা করলেন লাল হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। আজ অর্থাৎ বৃহস্পতিবার ISL এ বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল, আর তার ঠিক আগেই নতুন অধিনায়ক, সহ অধিনায়কের নাম ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।
কাদের অধিনায়ক এবং সহ অধিনায়ক করা হল?
গতকাল বাংলা নতুন বছরের প্রথম দিন ইস্টবেঙ্গল ক্লাবের বার পুজোয় উপস্থিত ছিলেন দলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার থেকে শুরু করে অন্যান্য আধিকারিক এমনকি ফুটবলাররাও। এদিন অবশ্য সিনিয়র দলের কোচ এবং ফুটবলারেরা বারপুজোয় যোগ দিতে পারেননি। আর ঠিক সেই দিনই আগামী মরসুমের জন্য দলের অধিনায়ক এবং সহ অধিনায়কের নাম ঘোষণা করলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা।
লাল হলুদ কর্তা জানিয়ে দিলেন, আগামী বছর থেকে ইস্টবেঙ্গলকে নেতৃত্ব দেবেন মহম্মদ রকিপ। একই সাথে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন লাল চুংনুঙ্গা। এই দুই ফুটবলারকে যে মশাল শিবিরের এত বড় দায়িত্ব দেওয়া হবে তা আগে বোধহয় বুঝতে পারেননি ইস্টবেঙ্গলের ভক্তরাও। তবে রকিপদের বিশেষ দায়িত্ব দিয়ে লাল হলুদের অন্যতম শীর্ষকর্তা বুঝিয়ে দিলেন দলে তাঁদের গুরুত্ব কতখানি।
অবশ্যই পড়ুন: টানা দুই ম্যাচে জয়, বেঙ্গালুরুকে হারালে পয়েন্ট টেবিলের কোথায় যাবে ইস্টবেঙ্গল?
প্রসঙ্গত, এদিন ইস্টবেঙ্গলের বারপুজোয় হাজির হয়েছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। পরবর্তীতে লাল হলুদ ক্লাবে আসেন জোসেরামিরেজ ব্যারেটোও। গতকাল ইস্টবেঙ্গলের পরবর্তী সিজনের অধিনায়ক এবং সহ অধিনায়কের নাম ঘোষণা করার পাশাপাশি লাল হলুদের শীর্ষ কর্তা বলেন, “আমাদের দল যথেষ্ট ভাল। কোচও ভাল। দলকে চ্যাম্পিয়ন করতে হবে ফুটবলারদেরই। আগামী দিনে আমাদের দলের পরিকাঠামো আরও উন্নত করতে হবে।”










