এক অধ্যায়ের ইতি, বন্ধ হচ্ছে মারুতির জনপ্রিয় হ্যাচব্যাক গাড়ির উৎপাদন

Published:

Suzuki Ignis

সৌভিক মুখার্জী, কলকাতা: মারুতি সুজুকির (Maruti Suzuki) প্রিমিয়াম চেইন Nexa-র অন্যতম জনপ্রিয় হ্যাচব্যাক গাড়ি Ignis (Suzuki Ignis) এবার বিদায় নিতে চলেছে। হ্যাঁ, একসময় স্টাইলিশ এবং একটু অন্য রকমের ডিজাইনের এই গাড়িটি নিয়ে ভারতের বাজারে প্রত্যাশা থাকলেও ব্যবসায়িক সাফল্যের নিরিখে সেরকম প্রত্যাশা পূরণ করতে পারেনি। কিন্তু এটা যে নিছকই ব্যর্থতা এমনটা নয়, বরং বড় মাপের লক্ষ্য পূরণের জন্যই মারুতি কৌশলগতভাবে এই পদক্ষেপ নিচ্ছে।

বিদায় নিচ্ছে Ignis

মারুতি Ignis বাজারে এসেছিল আরবান ক্রসওভার হিসেবেই। ছোট আয়তন, এসইউভির মতো বসার কায়দা এই বিশেষত্বের কারণেই তরুণ প্রজন্মের নজর কেড়েছিল গাড়িটি। তবে সাধারণ ভারতীয় ক্রেতাদের কাছে এর ডিজাইন খুব একটা গ্রহণযোগ্য হয়নি। মারুতির সাধারণ ক্রেতারা যখন মার্জিত এবং পরিচিত লুক পছন্দ করছে, ঠিক সেখানে Ignis এর অদ্ভুত মডেল অনেকের কাছেই নেতিবাচক হয়ে দাঁড়াচ্ছে। আর গাড়ির ভেতরকার জায়গা বা স্পেস প্রতিযোগিদের তুলনায় কম হওয়ার কারণেই পরিবারগুলিও Ignis নিতে অস্বীকার করে। এমনকি মারুতির নিজস্ব পোর্টফোলিওতে Baleno এবং Swift এর মতো জনপ্রিয় গাড়ির ভিড়ে Ignis সব সময় কিছুটা কোণঠাসা অবস্থানে থেকেছে।

তবে Ignis কে সরিয়ে মারুতি এবার এমন এক যুদ্ধক্ষেত্রে নামতে চাইছে, যেখানে বর্তমানে টাটা মোটরসের আদিপত্য একছত্র। হ্যাঁ, টাটা পাঞ্চের জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ করতে মারুতি সম্পূর্ণ নতুন মাইক্রো এসইউভি তৈরির কাজ শুরু করেছে। Ignis এর মতো লুক নয়, কিন্তু নতুন এই গাড়িটি হবে চওড়া এবং লম্বা বনেটযুক্ত, আর খাঁটি এসইউভি ডিজাইনের। এদিকে নতুন এই মডেলে সিএনজি সহ একাধিক ইঞ্জিন অপশন থাকার সম্ভাবনা রয়েছে, যা মধ্যবিত্ত ক্রেতাদের জ্বালানি খরচ অনেকটাই কমাতে সাহায্য করবে।

আরও পড়ুন: ১৩০ কিমি বেগে ছুটবে ট্রেন, হাওড়া-শিয়ালদা রুটের এই সেকশনে ট্র্যাকের স্পিড বাড়াল রেল

তবে বর্তমানে ভারতীয় গাড়ি প্রেমীরা হ্যাচব্যাক বা সাধারণ ছোট গাড়ির তুলনায় কমপ্যাক্ট এসইউভি-র দিকেই বেশি ঝুঁকছে। আর Ignis ছিল হ্যাচব্যাক এবং এসইউভি-র মাঝামাঝি একটি হাইব্রিড রূপ। কিন্তু বাজারে এখন পূর্ণাঙ্গ এসইউভি-র চাহিদা বাড়ছে। সেই কারণেই মারুতির এই নতুন মাইক্রো এসইউভি সেই চাহিদা পূরণ করতে পারবে বলে মনে করা হচ্ছে এবং Ignis-কে বিদায় জানানো হচ্ছে।