“ভারতীয় ক্রিকেটের নতুন মুখ বৈভব সূর্যবংশী”, বলে দিলেন ললিত মোদিও

Published:

Lalit Modi On Vaibhav Sooryavanshi

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন তরুণ তুর্কিদের। যাঁরা আগামী দিনে দীর্ঘ সময়ের জন্য টিম ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করতে পারবেন। আর সেই লক্ষ্যে নিজেকে অনেকটাই এগিয়ে রেখেছেন 15 বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এই কিশোরকে নিয়ে স্বপ্ন দেখতে একটুও কমতি রাখছেন না প্রাক্তন ভারতীয় ক্রিকেটার থেকে শুরু করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা ললিত মোদিও (Lalit Modi On Vaibhav Sooryavanshi)। সম্প্রতি একটি পডকাস্টে বৈভবের ভুয়োসী প্রশংসা করেছেন তিনি।

ভারতীয় ক্রিকেটের নতুন মুখ বৈভব সূর্যবংশী

সম্প্রতি অনূর্ধ্ব 19 বিশ্বকাপে নিজেকে প্রমাণ করেছেন বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে ঘাম ছুটিয়েছেন প্রতিপক্ষের। সর্বোপরি ফাইনালের মঞ্চে ইংল্যান্ড বোলারদের পিটিয়ে ভারতের ঘরে শিরোপা তুলে দিয়েছেন তিনি। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও এই ব্যাটসম্যানের জুড়ি মেলা ভার! এবছর ব্যাট হাতে রাজস্থান রয়্যালসকে একের পর এক সাফল্য পাইয়ে দিচ্ছেন বৈভব। এহেন একজন খেলোয়াড়কে উপেক্ষা করে থাকতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড?

আসলে, গত মার্চেই 15 বছরের সিঁড়িতে পা রেখেছেন বৈভব। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বড়দের দলে খেলতে আর কোনও বাধা নেই তাঁর। ইতিমধ্যেই বহু প্রাক্তন ক্রিকেটার বৈভবকে টিম ইন্ডিয়ায় অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন। বৈভবের শুভাকাঙ্ক্ষীদের তালিকায় নতুন করে নাম জুড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা লোলিত মোদির। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের সাথে কথা বলার সময় একটি পডকাস্টে সম্প্রতি IPL এর প্রাক্তন চেয়ারম্যান বলেন, বৈভব সূর্যবংশীর মতো একজন তরুণের ব্যাটিং দেখে তিনি মুগ্ধ।

এদিন ললিত মোদি জানান, “বৈভব সূর্যবংশীর দিকে একবার তাকান। আমি এখনই বলে দিতে পারি এই ছেলে ভবিষ্যতে মাঠে নেমে ভারতীয় ক্রিকেটের নতুন মুখ হয়ে উঠবে। ছেলেটার আত্মবিশ্বাস সব বলে দিচ্ছে। 14 বছর বয়স! আমার ছেলের বয়সও 14 বছর।” ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা এও জানালেন, বৈভব সূর্যবংশীর মতো একজন প্রতিভাকে সামলে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সে এত অল্প বয়সের প্রচুর খ্যাতি অর্জন করেছে। এই মুহূর্তে ক্রিকেটে ‘দানবে’ পরিণত হয়েছে সে।

অবশ্যই পড়ুন: এবার রাহানেকে ছাঁটাই করবে KKR! বিকল্প হতে পারেন ইনি

ললিত মোদি জানান, বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে তিনি বিস্মিত ছিলেন। এত অল্প বয়সে ব্যাট হাতে বৈভব যা করে দেখিয়েছে তা দেখে প্রথমদিকে একেবারে বিশ্বাসই হতো না তাঁর। এ নিয়ে বেশ কয়েকবার গুগল করেছিলেন তিনি। পরে জানতে পারেন আদতেই বৈভবের বয়স 15 এর বেশি নয়। সব মিলিয়ে, বৈভব সূর্যবংশী যে আগামী দিনে ভারতীয় দলের প্রধান মুখ হয়ে উঠতে পারেন সেটা পুরোপুরি বিশ্বাস করেন IPL এর প্রাক্তন চেয়ারম্যান।