সহেলি মিত্র, কলকাতা: জ্বালাময়ী গরমে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। বঙ্গবাসীর অবস্থা এখন চাতক পাখির ন্যায়, বৃষ্টির আশায় হাহুতাস অপেক্ষা। আজ সোমবার সপ্তাহের প্রথম দিনেও বজায় থাকবে গরম। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় কাঠফাটা রোদে জারি থাকবে দহন। তবে বৃষ্টি কিংবা ঝড়-বাদলের সম্ভাবনা যে একেবারেই নেই তা নয়। আজ কি ঘনাবে মেঘ? হবে কি বৃষ্টি? জেনে নেওয়া যাক আলিপুর আবহাওয়া অফিস কর্তৃক জারি হওয়া সম্প্রতিতম আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। দক্ষিণবঙ্গের কিছু এলাকায় স্বস্তির বৃষ্টি হলেও হতে পারে। তবে, বৃষ্টির এই সম্ভাবনা সব জেলায় নেই। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুর জেলার দু’একটা জায়গায়। বাকি জেলাগুলোতে ঘরমাক্ত ও অস্বস্তিকর গরম বজায় থাকবে বলেই জানানো হয়েছে।
গরম সবথেকে বেশি অনুভূত হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায়। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনই থাকবে গরম। বুলেটিনে আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ধাপে ধাপে ২ থেকে ৩ পর্যন্ত বাড়তে পারে।
অত্যধিক গরমের জেরে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা। জনসাধারণের উদ্দেশ্যে আবহাওয়াবিদদের নির্দেশ, ‘সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়ির বাইরে বেশিক্ষণ থাকবেন না। শরীর ঠিক রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া জরুরি। এই গরমে ছোটো এবং বয়স্ক, যাদের শারীরিক সমস্যা রয়েছে, তাঁদের সবথেকে বেশি সমস্যা হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আবহাওয়া অবশ্য অনেকটাই আরামদায়ক থাকতে চলেছে। সেখানেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে হয়তো বইবে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের এক বা একাধিক জায়াগায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির সময় উত্তরবঙ্গের কিছু এলাকায় হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে।
আরও পড়ুন: দাম শুরু ৩৮০০ টাকা থেকে, গরমে কিনুন সেরা মিনি এসি, ঘর থাকবে ‘ঠান্ডা ঠান্ডা কুল কুল’
আগামীকালের আবহাওয়া
আগামীকাল, মানে মঙ্গলবারেও আবহাওয়ার পরিস্থিতিতে খুব একটা বদল দেখার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে বজায় থাকবে ভ্যাপসা গরম, আর উত্তরবঙ্গে তুলনামূলক মনোরম আবহাওয়া, সেই সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে, দক্ষিণবঙ্গে গরম আরও কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে।










