সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি UPI ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। এবার অ্যাকাউন্টে টাকা না থাকলেও আপনি পেমেন্ট করতে সফল হবেন। আসলে ভারতের শীর্ষস্থানীয় ফিনটেক সংস্থা BharatPe তার গ্রাহকদের জন্য একটি অনন্য পরিষেবা চালু করেছে। সংস্থাটি ‘BharatPe’ চালু করার জন্য ইয়েস ব্যাঙ্কের সাথে হাত মিলিয়েছে।
ব্যাঙ্ক ব্যালেন্স ছাড়াই করা যাবে UPI পেমেন্ট
এটি একটি ‘ক্রেডিট-অন-ইউপিআই’ (Credit On UPI) পরিষেবা, যার সহজ অর্থ হলো আপনি এখন আপনার ইউপিআই ক্রেডিট ব্যবহার করে দৈনন্দিন লেনদেন করতে পারবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও, এই পরিষেবার সাহায্যে দোকানে QR কোড স্ক্যান করে আপনি অনলাইন শপিং, বিদ্যুৎ-জলের বিল বা মোবাইল রিচার্জের মতো সমস্ত কাজ সহজেই করতে পারবেন।
এটি কীভাবে কাজ করবে?
সহজ কথায়, এটি আপনার UPI অ্যাপের মধ্যেই থাকা একটি ক্রেডিট কার্ড বা ডিজিটাল লোনের মতো। এর জন্য আপনাকে নতুন কোনো অ্যাপ ডাউনলোড করতে বা আপনার পেমেন্টের পদ্ধতি পরিবর্তন করতে হবে না। আপনি আগের মতোই ইউপিআই ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। একমাত্র পার্থক্য হলো, টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে না কেটে আপনার ক্রেডিট লিমিট থেকে কেটে নেওয়া হবে।
🔔 BharatPe and YES Bank have launched BharatPe Flex, a credit-on-UPI facility pic.twitter.com/y6WzTUpGgy
— Bharat Smiles (@BharatSmil6447) June 5, 2026
কী কী সুবিধা পাবেন?
১) আপনার ভারতপে ফ্লেক্স-এর খরচ পরিশোধ করার জন্য আপনি ৪৫ দিন পর্যন্ত সময় পাবেন। এই সময়ের মধ্যে কোনো সুদ ধার্য করা হবে না।
২) যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে একবারে সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে না পারেন, তবে আপনি আপনার খরচকে ছোট ও সহজ কিস্তিতে (ইএমআই) ভাগ করে নিতে পারেন।
৩) কোনো কাগজপত্রের প্রয়োজন নেই। সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিটাল এবং যোগ্য ব্যবহারকারীরা মাত্র ৩ মিনিটে অনুমোদন পেয়ে যান।
আরও পড়ুনঃ ইচ্ছে মতো প্যাকেজিং অতীত! সর্ষে থেকে সব রান্নার তেলের জন্য নয়া নির্দেশিকা, স্বস্তি জনতার
৪) ব্যবহারকারীরা সরাসরি ভারতপে অ্যাপে তাঁদের খরচ, অবশিষ্ট সীমা এবং পরিশোধের বিবরণ ট্র্যাক করতে পারেন এবং প্রতিটি যোগ্য পেমেন্টের জন্য পুরস্কার অর্জন করতে পারেন।










