মায়ের আশীর্বাদ নিয়ে নন্দীগ্রামে ভোট দিতে শুভেন্দু, একাধিক এলাকায় EVM-র সমস্যা

Published:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: অপেক্ষার অবসান ঘটিয়ে আজ রাজ্যে শুরু হল বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট (West Bengal Election 2026) গ্রহণ। ১৬ জেলায় ১৫২টি বিধানসভা আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। শামিল হয়েছেন লক্ষ লক্ষ ভোটার। গোটা উত্তরবঙ্গে আজ যেমন ভোটগ্রহণ হবে, ঠিক তেমনই জঙ্গলমহল ও মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুর জেলায় হচ্ছে ভোট। প্রতিটি বুথে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি চলছে। এমতাবস্থায় মায়ের আশীর্বাদ নিয়ে নন্দীগ্রামের (Nandigram) উদ্দেশে রওনা দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

নন্দীগ্রামে এলেন শুভেন্দু অধিকারী

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় মোট ৪৪,৩৭৬টি বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। কমিশন জানিয়েছে, সবকটি বুথেই ভোট পরিচালনার জন্য প্রয়োজনীয় কর্মী ও সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। তার সঙ্গে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থাও করা হয়েছে। আর এই আবহে আজ সকালে মায়ের আশীর্বাদ নিয়ে ভোট দিতে চলে আসলেন নন্দীগ্রামে। সকাল সাড়ে সাতটায় তাঁর ভোট দানের কথা। এদিন ভোটকেন্দ্রে যাওয়ার আগে তিনি জানান, এবারের নির্বাচন অন্যবারের তুলনায় একেবারেই আলাদা হতে চলেছে। নন্দীগ্রামে যে তাঁর জয় হবেই তা একেবারে নিশ্চিত তিনি। এছাড়াও এদিন নির্বাচন কমিশনের নেওয়া নিরাপত্তা ও ভোট পরিচালনার যাবতীয় ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন শুভেন্দু।

আজ, সকালে এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী টুইট করে সকল রাজ্যবাসীর উদ্দেশে জানিয়েছেন যে, “আজ বিশাল সংখ্যক পশ্চিমবঙ্গবাসী গণ রাজ্যের হারানো গৌরব পুনরুদ্ধার করতে এবং কুশাসন থেকে মুক্তি পেতে পরিবর্তনের সংকল্পে ভোট দেবেন। যাঁরা আজ ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন, আমি সেই সকল ভোটদাতাদের কাছে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি যে সপরিবারে বুথে যান ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করুন।” অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহও টুইট করেছেন

EVM খারাপের অভিযোগ জেলায় জেলায়

প্রথম দফার নির্বাচনে রায়গঞ্জে বুথ খোলার পর প্রথম ভোটার হিসাবে ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। অন্যদিকে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই বিভিন্ন প্রান্ত থেকে যান্ত্রিক গোলযোগের খবর আসতে শুরু করেছে। দুর্গাপুরের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে মডেল পোলিং বুথে ইভিএমে ব্যাটারি নেই। ফলে শুরুতেই ভোট প্রক্রিয়ায় ত্রুটি দেখা গিয়েছিল। পাশাপাশি মালদহ ও আলিপুরদুয়ারের দুটি বুথে ইভিএম বিকল হওয়ার কারণে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে।

আরও পড়ুন: তাপপ্রবাহ থেকে অবশেষে মুক্তি! দক্ষিণবঙ্গের ৮ জেলায় তেড়ে বৃষ্টি, আজকের আবহাওয়া

উত্তরবঙ্গেও আজ ভোট, কিন্তু শিলিগুড়িতে ২৬/২৩৫ রামকৃষ্ণ পাঠাশালায় EVM খারাপ বলে খবর সূত্রে জানা গিয়েছে। যদিও সঙ্গে সঙ্গে নতুন EVM আনা হয়েছে। অন্যদিকে আবার শিলিগুড়িতে জগদিশ হাই স্কুলেও একটি বুথের EVM খারাপের খবরও পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, বাঁকুড়া জেলা সারদামণি মহিলা কলেজে ইভিএম খারাপ। ফলস্বরূপ দীর্ঘক্ষণ ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা বেশ ক্ষুব্ধ।