লাদাখ সমস্যা সমাধানের আশ্বাস না পেলে এক সপ্তাহের মধ্যে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের

Published:

Sonam Wangchuk on Ladakh Issue

অনন্যা সরকার, কলকাতা: লাদাখ সমস্যা (Ladakh Issue) নিয়ে প্রকৃত সমাধানের নিশ্চয়তা না পেলে বৃহত্তর আন্দোলন শুরু করবেন বলে হুঁশিয়ারি দিলেন পরিবেশবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। ২০২০-২১ সাল থেকে পর্যায়ক্রমে লাদাখ সমস্যার সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আশ্বাস চাইছেন ওয়াংচুক। এবার তিনি জানিয়ে দিলেন, সরকারি আশ্বাস না পেলে আগামী সপ্তাহ থেকে একটি বৃহত্তর আন্দোলন শুরু হবে। কেন্দ্রকে এর জন্য এক সপ্তাহের সময়সীমা দিয়েছেন তিনি। সোনম ওয়াংচুক জানিয়েছেন, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে রাস্তায় নামবেন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আন্দোলন কর্মসূচি।

আবার লাদাখ সমস্যা নিয়ে সোনম ওয়াংচুকের আন্দোলনের ডাক

ওয়াংচুক দীর্ঘদিন ধরে লাদাখের জন্য বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবি করে আসছেন। গত বছর এই বিষয় নিয়ে বিক্ষোভ বড় আকার ধারণ করেছিল। আন্দোলন সহিংস হয়ে উঠেছিল, যার ফলে চারজনের মৃত্যু ও বহু মানুষ আহত হন। এই ঘটনার পর, পুলিশ ২৬ সেপ্টেম্বর ওয়াংচুককে গ্রেপ্তার করে। যোধপুর জেলে ছয় মাস বন্দী ছিলেন তিনি। কেন্দ্রীয় সরকারের তরফে অভিযোগ করা হয় যে, তিনি সক্রিয়ভাবে এই অস্থিরতায় উসকানি দিয়েছিলেন। তাই তাঁকে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে গ্রেপ্তার করা হয়। এবছর মার্চ মাসে জেল থেকে মুক্তি পান ওয়াংচুক।

জেল থেকে বেরোনোর পরেও ওয়াংচুক লাদাখ সমস্যা নিয়ে একইরকমভাবে সোচ্চার রয়েছেন। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সাব-কমিটি দিল্লিতে অ্যাপেক্স বডি অফ লেহ (LAB) এবং কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (KDA) সহ লাদাখের কয়েকটি গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছে। এরপরই অভিযোগ উঠেছে যে, এই বৈঠকে সমস্যার কোনো সমাধান পাওয়া যায়নি। এমনকি আলোচনা নতুন করে এগোয়নি। এতেই নিরাশ ওয়াংচুক লাদাখ সমস্যার সমাধানের দাবিতে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিলেন। তিনি জানান, কেন্দ্রকে এক সপ্তাহের মধ্যে লাদাখ সমস্যার সমাধানের আশ্বাস দিতে হবে। অন্যথায় তিনি ১৯ সেপ্টেম্বর থেকে আবার আন্দোলন শুরু করবেন, যা চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও পড়ুন: শতরূপের বিরুদ্ধে FIR, মমতাকে ঝটকা হাইকোর্টের…! আজকের সেরা ১০ খবর (১০ সেপ্টেম্বর)

লাদাখের নেতাদের সঙ্গে কেন্দ্রের বৈঠক নিয়ে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তাঁর বক্তব্য জানান সোনম ওয়াংচুক। তিনি বলেন, এলএবি ও কেডিএ নেতারা এই বৈঠকে অংশগ্রহণ করে হতাশ হয়েছেন। সেখানে নতুন করে কোনো আলোচনাই হয়নি। গতবছরের  অস্থিরতা ও প্রাণনাশের কথা স্মরণ করে এলএবি সেপ্টেম্বর মাসকে ‘শহীদ মাস’ হিসেবে পালন করার কর্মসূচি গ্রহণ করছে। বুধবার কারগিল থেকে লেহ পর্যন্ত পদযাত্রা করার কথা ছিল তাঁদের। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের উপ-কমিটির সঙ্গে বৈঠকের কথা মাথায় রেখে এই কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু বৈঠক থেকে কোন আশা ব্যঞ্জন ফল না মেলায় সোনম ওয়াংচুক ১৯ তারিখ থেকে আবারও কর্মসূচি শুরু করার বার্তা দিয়েছেন। তিনি সারা দেশবাসীকে লাদাখের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন।