“যেন স্বপ্ন দেখছি” প্রধানমন্ত্রীকে গঙ্গায় নৌকাবিহার করিয়ে আপ্লুত মাঝি গৌরাঙ্গ

Published:

Narendra Modi

প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) হাওয়ায় সরগরম রাজ্য রাজনীতি। চারিদিকে দ্বিতীয় দফার ভোটের প্রচারে মেতে উঠেছে শাসকদল থেকে শুরু করে বিরোধীরা। এমতাবস্থায় প্রচারের আগেই আজ শুক্রবার কলকাতার গঙ্গা (Ganga ) ভ্রমণে বেরিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিকে কোনো পরিকল্পনা ছাড়াই আচমকা তাঁর নৌকাতেই প্রধানমন্ত্রী নৌকা ভ্রমণ করায় হতবাক মাঝি গৌরাঙ্গ বিশ্বাস। বিস্ময় যেন কিছুতেই কাটছে না তাঁর।

উচ্ছ্বসিত নৌকার মাঝি গৌরাঙ্গ বিশ্বাস

শুক্রবার সকাল সকাল কলকাতার গঙ্গায় খানিক সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও আজ তাঁর কর্মসূচিতে ছিল না এই নৌকাবিহারের কথা। এদিকে সকালে মনোমুগ্ধকর পরিবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গঙ্গার বুকে ঘোরাতে পেরে দারুণ উচ্ছ্বসিত নৌকার মাঝি গৌরাঙ্গ বিশ্বাস। তিনি বলেন, ‘‘কোনও সেলেব্রিটি যখন নৌকায় চাপেন, ভালই লাগে। কিন্তু আজ যে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে আমি নৌকাবিহার করাব, তা স্বপ্নেও ভাবতে পারিনি। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আমি খুবই অভিভূত। উনি নিজের ক্যামেরা নিয়েই নৌকায় উঠেছিলেন। আমায় নাম জিজ্ঞাসা করলেন। আমাকে বলেছিলেন মাঝগঙ্গায় নৌকা নিয়ে যাওয়ার জন্য। আমি তাঁর নির্দেশেই নৌকা চালিয়েছি। নৌকায় ভ্রমণের সময় নিজের ক্যামেরা দিয়ে ছবি তুলছিলেন তিনি।’’

হতবাক নৌকার মালিক মহম্মদ ইফতিকার

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের নৌকায় গঙ্গাবিহার করানোর পর স্বভাবতই বেশ আপ্লুত মাঝি গৌরাঙ্গ বিশ্বাস৷ জানা গিয়েছে তাঁর বাড়ি হুগলি জেলার বলাগড়ে ৷ মাত্র ১৬ বছর বয়স থেকেই নৌকা চালান তিনি৷ এখন বয়স ৭৪ ৷ প্রিন্সেপ ঘাটেই গত ১৭ বছর ধরে নৌকা চালাচ্ছেন গৌরাঙ্গ৷ এদিকে নরেন্দ্র মোদী যে নৌকায় উঠেছিলেন তার মালিক হলেন বিহারের বাসিন্দা মহম্মদ ইফতিকার আহমেদ। তিনি নিজেও জানতেন না যে তাঁর নৌকা কেন ভাড়া নেওয়া হচ্ছে। একমাত্র মোদীর নৌকাবিহার শুরুর পাঁচ মিনিট আগে তিনি জানতে পারেন। এমনকি কথাও হয়েছিল তাঁর প্রধানমন্ত্রীর সঙ্গে।

প্রধানমন্ত্রীর গঙ্গা ভ্রমণ নিয়ে নতুন চর্চা

সাংবাদিকদের মহম্মদ ইফতিকার আহমেদ বলেন, ‘ঘুম থেকে উঠে গঙ্গার ঘাটে এসেছি। একটি ছেলে এসে বলল ৭টি বোট লাগবে। আমি জিজ্ঞাসা করলাম কোনও সেলেব্রিটি আসছেন কি? বলল, তেমন কোনও ব্যাপার নয়। কিন্তু তারপরই জানতে পারলাম প্রধানমন্ত্রীর জন্য নৌকা নেওয়া হচ্ছে।” প্রধানমন্ত্রীর থেকে তিনি কী বার্তা সেটিও জানান। ইফতিকার বলেন, “নৌকাবিহার শেষে উনি এসে বললেন, তোমরা সকলে একজোট হয়ে থেকো, ভাল থেকো।” কিছুদিন আগেই ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নানা কটাক্ষ করেছিল তৃণমূল কংগ্রেস। আর এবার প্রধানমন্ত্রীর গঙ্গা ভ্রমণ নিয়ে স্বাভাবিকভাবেই নয়া চর্চা ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: বনেট থেকে স্লিপ খাওয়ায় ড্রাইভারের বুকে ক্যাঁৎ করে লাথি! তৃণমূল প্রার্থীর ভিডিও ভাইরাল

প্রসঙ্গত, গতকাল, বৃহস্পতিবার, ২৬ এর বিধানসভা নির্বাচনের প্রথম প্রথম দফার ভোটের দিনই রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মথুরাপুর এবং কৃষ্ণনগরে জনসভা করেছিলেন তিনি। তার পর হাওড়ায় রোড শো করে চলে এসেছিলেন লোকভবনে। সেখানেই রাত্রিবাস করেছিলেন মোদী। এরপর আজ শুক্রবার তাঁর জোড়া সভা রয়েছে। প্রথম সভা রয়েছে পানিহাটিতে। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরও একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে।