সাতসকালেই ময়দানে নামলেন মমতা, কড়া নজর ভবানীপুরের বুথে বুথে

Published:

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: বুধবার সকাল ৭টা থেকে রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফায় ভোটগ্রহণ (West Bengal Election 2026) শুরু হয়েছে। আর সেই আবহে সকাল থেকেই বিভিন্ন এলাকায় রীতিমত থমথমে পরিবেশ। এমতাবস্থায় সকলের নজর এখন ভবানীপুরে (Bhowanipore)। কারণ ফের এক বার মমতা-শুভেন্দু দ্বৈরথের সাক্ষী থাকতে চলেছে রাজ্যবাসী। ইতিমধ্যেই সাতসকালেই ভবানীপুরের বুথ পরিদর্শনে বেরিয়ে পড়লেন তৃণমূল সুপ্রিমো তথা দলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ভবানীপুরের বুথ পরিদর্শনে মমতা

দ্বিতীয় দফা ভোটের দিন সাতসকালে ভবানীপুরে ভোট-পরিদর্শনে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রতিটা বুথে বুথে যাবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “৭১ নং ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসুর বাড়িতে রাত দেড়টায় তল্লাশি চালায়। স্ত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এভাবে ওরা ভোট করবে। আমি প্রার্থী হিসেবে সব দেখতে বেরিয়েছি। এখানে মুখ্যমন্ত্রীর কোনও প্রশ্ন নেই।” সাধারণত ভোটের দিন সকালে বাড়িতেই থাকেন মমতা। পরে বেলার দিকে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন। তবে আজ সেই রেওয়াজ ভাঙল, ভোটের দিন সকালেই বুথ পরিদর্শনে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কার্তিককে হুঁশিয়ারি পুলিশের

সূত্রের খবর, দ্বিতীয় দফা নির্বাচনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি নিয়ে প্রথমেই যান চেতলা এলাকায়। সেখানে গিয়ে মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করেন তিনি, বেশ কিছুক্ষণ বার্তালাপ করেই পদ্মপুকুর রোড ধরে তিনি চলে যান। সাংবাদিকদের তিনি জানান, দিনভর নিজের কেন্দ্রেই ঘুরবেন। এদিকে ভবানীপুরে সকাল সকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিককে হুঁশিয়ারি দেয় পুলিশ। স্পষ্ট জানিয়ে দেওয়া হয় চার জনের বেশি জমায়েত করা যাবে না। পাল্টা ভয় দেখানো, জুলুমের অভিযোগ তুললেন কার্তিক। এদিকে যেখানে এই ঘটনা ঘটে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর রয়েছে।

আরও পড়ুন: ভোটের দিন সকালে তুমুল অশান্তি! নদীয়ায় আক্রান্ত BJP এজেন্ট, চলছে চিকিৎসা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এদিন ভবানীপুরের এলাকা পরিদর্শনে বেরিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও। ভোটের সকালে মমতার এই বুথ পরিদর্শন নিয়ে খোঁচা দেন তিনি। শুভেন্দুর দাবি, ঠেলায় পড়েই ভোটের সকালে বেরিয়েছেন মমতা। অন্যদিকে কলকাতার মিত্র ইন্সটিটিউশনে ভোট দিলেন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি করিমপুর গার্লস হাইস্কুলের ১২০ নম্বর বুথে ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ মহুয়া মৈত্র।