সৌভিক মুখার্জী, কলকাতা: ক্ষমতায় আসার পরেই একে একে প্রতিশ্রুতি পালন করছে রাজ্যের বিজেপি সরকার (Government of West Bengal)। ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ঘোষণা করা হয়েছে, যেখানে ১ জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে ঢুকবে। তবে বেকার যুবক যুবতীদের মনে একটাই প্রশ্ন ছিল, প্রতিশ্রুতি অনুযায়ী যুবশক্তি প্রকল্পের (Yuva Shakti Scheme) ৩০০০ টাকা কবে থেকে ঢুকবে এবং কীভাবে আবেদন করতে হবে? অবশেষে রাজ্য সরকারের তরফে যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য অফিশিয়াল পোর্টাল চালু করা হল।
চালু হচ্ছে যুবশক্তি প্রকল্প
বলে রাখি, রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে যুবসাথী প্রকল্প চালু করেছিল, যেখানে বেকার যুবক-যুবতীদেরকে প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হচ্ছিল। তবে বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দেয় যে, তারা সরকার গঠন করলে ১৫০০ টাকা বাড়িয়ে ৩০০০ টাকা করে দেওয়া হবে। এমনকি যতদিন না পর্যন্ত সেই যুবক বা যুবতী চাকরি না পাচ্ছে, ততদিন এই ভাতা চলবে। সেই প্রতিশ্রুতি এবার রক্ষা করছে তারা। যারা যুবসাথী প্রকল্পের টাকা পেতেন, তারাই এই প্রকল্পের টাকা পাবেন বলেই জানানো হয়েছে।
রাজ্য সরকারের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এই প্রকল্পে আলাদা করে আবেদন করতে হবে না। আগামী ১ জুন থেকেই ডিবিটির মাধ্যমে যোগ্যদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে দেওয়া হবে। তবে যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেননি, তাদের জন্য নতুন পোর্টাল চালু করা হয়েছে, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আর এই পোর্টালের অফিসিয়াল এড্রেস হল https://www.juboshokti.in/। এছাড়াও শ্রম বা কর্মসংস্থান দপ্তরের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে বেকার যুবক যুবতীরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে।
কারা পাবে টাকা?
রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া নির্দেশিকা অনুযায়ী যুবশক্তি প্রকল্পের টাকা পেতে গেলে কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল—
- সংশ্লিষ্ট যুবক-যুবতীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
- বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
- বর্তমানে বেকার থাকতে হবে। অর্থাৎ কোনও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা যাবে না।
- আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই ডিবিটি লিংক থাকতে হবে।
আরও পড়ুন: কমল সোনার দাম, কত হল রুপো? আজকের রেট
কীভাবে আবেদন করবেন?
যদিও রাজ্য সরকারের তরফ থেকে সবে অফিসিয়াল পোর্টাল চালু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি। পোর্টাল খুললে দেখা যাচ্ছে, যুবশক্তি প্রকল্পের অনলাইন আবেদন শুরু হবে আগামী ৮ দিন পরেই। সেইদিন থেকেই অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদনকারীর ব্যক্তিগত বিবরণ, শিক্ষাগত যোগ্যতার তথ্য, আধার কার্ডের তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, ইত্যাদি পূরণ করতে হবে, এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে। ডকুমেন্টের মধ্যে অবশ্যই আধার কার্ড, ভোটার আইডি কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ক্যান কপি দরকার পড়বে।










